শনিবার ২৭ জুন, ২০২৬
সর্বশেষ:
১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার বাধ্যতামূলক: ক্যাশলেস অর্থনীতির লক্ষ্যে বড় পদক্ষেপ<gwmw style="display:none;"></gwmw> জ্বালানি খাতের বরাদ্দ বৈষম্য দূর ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর তাগিদ সানেমের<gwmw style="display:none;"></gwmw> প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রণালয়গুলোতে ডিজিটাল ড্যাশবোর্ড বসানো হচ্ছে: অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়েছে প্রায় ৭৬ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি এসএমই খাত: শিল্পমন্ত্রী ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক আইএমএফের নতুন ঋণের শর্ত: ব্যাংক কোম্পানি আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের দাবি বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ: প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ চালু, ওএমইউ ও অফশোর ব্যাংকিংয়ে গতি আনার লক্ষ্য পাঁচটি দেউলিয়া আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের

ঢাকা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে  অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

তিনি বলেন, একটি ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত দুঃখজনক।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন শুরু হতে আর মাত্র ১৩ ঘণ্টা বাকি। আমরা একটি ভালো নির্বাচনের দিকে এগোচ্ছি। আমি অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি, দয়া করে মিসকোট করবেন না।’

একটি আর্থিক লেনদেনের বিষয়ে তাকে ভুলভাবে উদ্ধৃত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসি সচিব বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাকে মিসকোট (ভুলভাবে উদ্ধৃত) করা হয়েছে। বলা হচ্ছে, আমি নাকি বলেছি পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। যারা অর্থ জব্দ করেছে, তারাই এর উৎস, পরিমাণ এবং উদ্দেশ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে।’

এর আগে সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ের প্রসঙ্গে তিনি জানান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও রাশিয়ার প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা মূলত পোস্টাল ব্যালট পদ্ধতি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়ে ইসি সচিব বলেন, ‘তারা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানিয়েছেন। আমরা তাদের ইলেক্টোরাল ইনকোয়্যারি কমিটি, রিটার্নিং অফিসার ও পুলিশ প্রশাসনকে জানাতে বলেছি। পাশাপাশি আমাদের দিক থেকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে তাদেরকে জানিয়েছি।’

আগামীকাল সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সবাই সচেষ্ট থাকলে নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। ইনশাআল্লাহ, আগামীকাল সকালে আমরা সবাই ভোট দিতে যাব।’ বাসস