লেদার ফাউন্ডেশনের যাত্রা শুরু, বন্ধ কারখানা চালু করতে ৫ হাজার কোটি টাকা দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৮ নভেম্বর (বিডিইকোনমি) – চামড়া খাতের টেকসই প্রবৃদ্ধি, দক্ষ জনবল তৈরি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে অলাভজনক জাতীয় শিল্প-উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘লেদার ফাউন্ডেশন অব বাংলাদেশ’ (এলএফবি)। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও বন্ধ কারখানা পুনরায় চালুর জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিলসহ ১৩ দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এলএফবি তার লক্ষ্য, কর্মপরিকল্পনা এবং চামড়া খাতের সংকট কাটিয়ে ওঠার ১৩ দফা প্রস্তাব তুলে ধরে।
সংগঠনের সভাপতি সাদাত হোসেন সেলিম বলেন, পরিবেশগত মানদণ্ড রক্ষায় কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) গুরুত্বপূর্ণ হলেও এটিই একমাত্র সমাধান নয়—ইটিপিই একমাত্র সমাধান হলে খুলনার সুপার এক্স লেদার সংকটে পড়তো না। চামড়া খাতকে টিকিয়ে রাখা উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কেমিক্যাল সরবরাহ, আমদানি-রপ্তানি কার্যক্রম ও ব্যবসায়িক কর্মকাণ্ডে কার্যকর সরকারি সহায়তার আহ্বান জানান তিনি।
এলএফবির মহাসচিব ও প্রতিষ্ঠাতা এম মুফাজ্জল ইবনে মাহফুজ বলেন, চামড়া খাতের সব পর্যায়, বাণিজ্য সংগঠন, উদ্যোক্তা ও কারিগরি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এলএফবির অন্যতম প্রধান লক্ষ্য, যেখানে আধুনিক প্রযুক্তি, পরিবেশগত ভারসাম্য এবং নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হবে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার এ ফাত্তাহ আল মঞ্জুর আসিফ বলেন, নিজস্ব কাঁচামাল ও পরিশ্রমী কর্মী থাকা সত্ত্বেও দক্ষ মধ্যম সারির জনবলের ঘাটতি, আধুনিক প্রযুক্তির অভাব এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনে জটিলতার কারণে বাংলাদেশ বৈশ্বিক বাজারে কাঙ্ক্ষিত হিস্যা পাচ্ছে না।
তিনি জানান, ছয়টি স্থায়ী প্রোগ্রাম উইংয়ের মাধ্যমে এলএফবি কার্যক্রম পরিচালনা করবে। প্রথম বছরের কর্মপরিকল্পনায় এক হাজার কর্মীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া, ৩০টি কারখানাকে ‘মডেল গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে গড়ে তোলা এবং শ্রমিকদের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি চালুর পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বৈশ্বিক বাজার সংযোগ বাড়াতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে।
এলএফবির ১৩ দফা প্রস্তাবের প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে:
  • সাভারের সিইটিপি আধুনিকায়নের পাশাপাশি আরও দুটি নতুন সিইটিপি নির্মাণ

  • এক থেকে দুটি বিশেষায়িত চামড়াজাত পণ্য ও ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং চার থেকে পাঁচটি নতুন চামড়া শিল্পাঞ্চল স্থাপন

  • পূর্ণাঙ্গ লেদার ও ফুটওয়্যার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

  • দেশজুড়ে ১০ থেকে ১৫টি সরকারি কাঁচা চামড়া সংরক্ষণ হাব ও কোল্ড স্টোরেজ নির্মাণ

  • সরকারি বাহিনীগুলোর জুতা ও সংশ্লিষ্ট সামগ্রী সংগ্রহে দেশীয় চামড়া ও পাটের ব্যবহার বাধ্যতামূলক করা

সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চামড়া ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন।
সহসভাপতি মাওলানা মাহবুবুল হক বলেন, কওমি মাদরাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্থনীতির সঙ্গে কোরবানির চামড়া সংগ্রহ ও বিক্রির সম্পর্ক রয়েছে; তাই শুধু লবণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে সংরক্ষণ ও প্রাথমিক প্রক্রিয়াজাতকরণে কারিগরি প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, যাতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করা হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, চামড়াজাত পণ্য প্রস্তুতকারক সমিতি ও বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ চামড়া খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।