নীতি সুদহার সাড়ে ৯ শতাংশ যৌক্তিক নয়, ৭ শতাংশে নামানো প্রয়োজন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৮ নভেম্বর (বিডিইকোনমি) – বাংলাদেশ ব্যাংকের বর্তমান সাড়ে ৯ শতাংশ নীতি সুদহারকে সরকার যৌক্তিক মনে করে না এবং এটি কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ না করতে মুদ্রানীতি কমিটিকে এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি জানান, রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয়ের মাধ্যমে সুদহার কমানোর চেষ্টা চলছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘অর্থকণ্ঠ’ আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা: জবাবদিহিতা ও আস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থকণ্ঠের উপদেষ্টা সম্পাদক নাহিদুল খান এতে সভাপতিত্ব করেন।
মূল্যস্ফীতির চেয়ে সুদহার কম হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে জাপানের উদাহরণ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জাপানে মূল্যস্ফীতি ৩ শতাংশ হলেও সুদহার ১ শতাংশ। বিনিয়োগের স্বার্থে ঋণের সুদহার কমাতে সরকার ৩৯ হাজার কোটি টাকার তহবিল ও রাজস্ব খাত থেকে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং সুদহার কমানোর আহ্বান অব্যাহত রেখেছে বলেও তিনি জানান।
ব্যাংক খাত পুনরুদ্ধারের পরিকল্পনা তুলে ধরে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, চার বছর মেয়াদি কর্মসূচির আওতায় দুর্বল ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান পর্যালোচনা (একিউআর) করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির আশা করছে সরকার।
ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা ফিরতে শুরু করেছে দাবি করে তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা ফিরছে এবং ব্যাংকটিতে আমানত বেড়েছে; আগের মতো অভিযোগও শোনা যাচ্ছে না। আগামী এক বছরের মধ্যে পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণ, মূলধন পরিস্থিতি ও বেসরকারি খাতে দৃশ্যমান উন্নতি দেখা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দুর্বল ব্যাংকগুলো পুনরুদ্ধারে সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর মধ্যেও ইতিবাচক দিক হলো অতীতে যেসব দেশ বা বিদেশি পক্ষকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, তাদের কেউ কেউ—যেমন সৌদি আরব—আবার আগ্রহ দেখাচ্ছে। এ ছাড়া ইসলামি ব্যাংকগুলোর কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য বাংলাদেশ ব্যাংকে আলাদা বিভাগ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করে ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরী বলেন, ঋণ অনুমোদনের ক্ষেত্রে কখনো কখনো রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত সম্পর্ক ভূমিকা রাখায় প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা দুর্বল হয়েছে।
সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, ব্যাংক খাতে বর্তমানে ৩৩ শতাংশ খেলাপি ঋণের যে হিসাব রয়েছে, তার মধ্যে পাচার হওয়া অর্থও অন্তর্ভুক্ত, যা কখনোই প্রকৃত কোনো প্রকল্পে বিনিয়োগ করা হয়নি। তাই খেলাপি ঋণকে ‘প্রকৃত খেলাপি ঋণ’ এবং ‘পাচার হয়ে যাওয়া অর্থ’—এই দুই ভাগে বিভক্ত করে পৃথক পরিসংখ্যান প্রকাশের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মেহেদী হাসান।




মন্তব্য করুন