সুস্থ ও উৎপাদনশীল জাতি গঠনে খেলাধুলা অপরিহার্য: মন্ত্রী ফকির মাহবুব আনাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৮ নভেম্বর (বিডিইকোনমি) – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, একটি সুস্থ, সুন্দর ও উৎপাদনশীল জাতি গঠনে খেলাধুলা ও শরীরচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নওয়াব ইনস্টিটিউশন মাঠে আয়োজিত ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা আরও বাড়াতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, অধ্যবসায় ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করে বলেও তিনি উল্লেখ করেন।
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি ও নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক এম আজিজুর রহমান ম্যারাথনের উদ্বোধন করেন।
সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীর ‘স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত ‘ক্যাফে হাট ম্যারাথন-২০২৬, সিজন-৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৩৫০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতা শেষে মন্ত্রী বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, ধনবাড়ী সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. এনামুল হক এবং ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির তামজিদা উল আলম, মনিরুজ্জামান মনি, ইঞ্জিনিয়ার মালিক খসরু ও মো. জাহিদুল আলম।




মন্তব্য করুন