বুধবার ৬ মে, ২০২৬
সর্বশেষ:
পরিবেশবান্ধব গাড়িতে উৎসাহ দিতে ঋণের সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক; ইভি ও হাইব্রিড কেনায় মিলবে ৮০ লাখ টাকা চামড়া খাতে গতি আনতে ঈদুল আজহার আগে কাঁচা চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক ২১৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে ‘জনকণ্ঠ ভবন’সহ গ্লোব জনকণ্ঠের সম্পদ নিলামে তুলছে জনতা ব্যাংক রেমিট্যান্সে জোয়ার: এপ্রিলে এলো ৩.১২ বিলিয়ন ডলার ১০ মাসে প্রবাসী আয়ের পরিমাণ ২৯.৩৩ বিলিয়ন ডলার নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ১৩১ কোম্পানিকে ৩০ জুনের আল্টিমেটাম বিএসইসির বিএসটিআই-এর নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিলেন কাজী ইমদাদুল হক রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন: এপ্রিলের ২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার ইসলামী ব্যাংক খাতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি; বিতর্কিত সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত ব্যাংকারদের উদ্বেগ<gwmw style="display:none;"></gwmw><gwmw style="display:none;"></gwmw> প্রথম প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ১৬২ শতাংশ প্রবৃদ্ধি; ঋণ প্রবাহ নিয়ে এমডির উদ্বেগ

নারী ক্ষমতায়ন ছাড়া টেকসই প্রবৃদ্ধি অসম্ভব: বিইএ-এর সেমিনারে অর্থনীতিবিদদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে শ্রমবাজারে নারীর আর্থিক ক্ষমতায়ন জোরদার করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। তারা সতর্ক করে বলেছেন, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ যেভাবে কমছে, তা জাতীয় অর্থনীতির জন্য একটি ‘পলিসি ওয়ার্নিং সিগন্যাল’ বা নীতিনির্ধারণী সতর্কবার্তা।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ইডেন মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি (বিইএ) এবং ইডেন মহিলা কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— ‘বাংলাদেশের নারীর আর্থিক ক্ষমতায়ন: শ্রমবাজার প্রেক্ষাপট’।

নারীর অংশগ্রহণ হ্রাসে উদ্বেগ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। তিনি গত এক দশকে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের অগ্রগতি সম্প্রতি স্থবির হয়ে পড়া এবং বিশেষ করে শহরাঞ্চলে এই হার কমে যাওয়ার বিষয়টিকে ‘উদ্বেগজনক’ হিসেবে অভিহিত করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান:

২০২৩ সালের এপ্রিল-জুন প্রান্তিকে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৪৬.৫৯ শতাংশ, যা ২০২৪ সালের একই সময়ে কমে ৪২.৪০ শতাংশে দাঁড়িয়েছে।

মাত্র এক বছরের ব্যবধানে নারী শ্রমশক্তির আকার ২৫.৩ মিলিয়ন থেকে কমে ২৩.৭ মিলিয়নে নেমে এসেছে।

প্রধান অন্তরায় ও সুপারিশ ড. বিদিশা বলেন, পিতৃতান্ত্রিক কাঠামো, শিশু যত্ন কেন্দ্রের (চাইল্ড কেয়ার) অভাব, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ‘নীট’ (শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণে নেই এমন নারী) হার বৃদ্ধি নারীর অগ্রযাত্রার প্রধান বাধা। তিনি পারিবারিক সেবামূলক কাজকে অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার এবং ‘ঘর থেকে বাজার’ পর্যন্ত নারীর যাতায়াত সুগম করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের আহ্বান জানান।

বিইএ-এর আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, নারীর অংশগ্রহণ কেবল সামাজিক ন্যায়বিচারের বিষয় নয়, এটি জাতীয় উৎপাদনশীলতার অন্যতম পূর্বশর্ত। তিনি শ্রম আইনের সংস্কার, নারী-বান্ধব কর্মঘণ্টা, নিরাপদ যাতায়াত এবং কঠোর যৌন হয়রানি বিরোধী নীতিমালার ওপর জোর দেন।

নীতিনির্ধারণী সংকটের চিত্র সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, নারীর অংশগ্রহণের সাম্প্রতিক এই নিম্নগতি একটি ‘কাঠামোগত সংকট’। মূলধারার অর্থনীতিতে নারীর অবদানকে যথাযথভাবে অন্তর্ভুক্ত করতে সমন্বিত নীতি হস্তক্ষেপ প্রয়োজন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “ক্ষুদ্রঋণ কিছুটা সাহায্য করলেও শুধু ঋণের মাধ্যমে ক্ষমতায়ন সম্ভব নয়; এজন্য দক্ষতা বৃদ্ধি এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান প্রয়োজন।”

বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, গণমাধ্যমের সচেতনতা এবং সহায়ক নীতির মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারলে এই নেতিবাচক প্রবণতা কাটিয়ে ওঠা সম্ভব।

সেমিনারে ইডেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।