সোমবার ২৪ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান ঢাকা চেম্বারের প্রবাসী আয়ের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগ করলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে: আইওএম প্রধান<gwmw style="display:none;"></gwmw> গ্রাম থেকে শহর—প্রতিটি মানুষের কাছে উন্নত ইন্টারনেট ও টেলিকম সেবা পৌঁছে দেওয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর এসএস পাওয়ারকে ৩২ লাখ ডলারের বৈদেশিক ঋণ ছাড়ের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

২৪ ঘণ্টায় দেশব্যাপী ৮৭,৭০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশব্যাপী অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৮৭,৭০০ লিটার তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশের ৬৪টি জেলা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী মোট ৩৯১টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মজুতদারির অপরাধে সাতক্ষীরায় একজনকে দুই মাস, চাঁদপুরে একজনকে এক বছর এবং গাজীপুরে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

জব্দকৃত জ্বালানির বিবরণ:

মন্ত্রণালয়ের তথ্যমতে, জব্দ করা জ্বালানি তেলের মধ্যে রয়েছে:

  • ডিজেল: ৬৭,৪০০ লিটার
  • অকটেন: ৬,৪৪৪ লিটার
  • পেট্রোল: ১৩,৮৫৬ লিটার

ব্রিফিংয়ে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা রাজধানীর উত্তরা বেড়িবাঁধ, গাবতলী ও আমিন বাজারসহ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উত্তরা বেড়িবাঁধের ধৌর এলাকায় অভিযানকালে রাস্তার পাশে খোলা অবস্থায় তেল বিক্রি করতে দেখা যায়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকানদার পালিয়ে যান। সেখান থেকে ১০০ লিটার ডিজেল ও ১০ লিটার অকটেন উদ্ধার করা হয়। জব্দকৃত এই তেল পার্শ্ববর্তী ফিলিং স্টেশনের মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করা হয়েছে এবং বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তদারকিতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ:

গত ২৭ মার্চ জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এই কর্মকর্তা নিয়োগ দিয়েছে। অন্যান্য জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা ট্যাগ অফিসার মনোনীত করেছেন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগের ১৩টি জেলায় সর্বোচ্চ ৪৭৯ জন ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন।

জ্বালানি মজুত পরিস্থিতি:

৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জ্বালানি মজুত পরিস্থিতি তুলে ধরে কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে ১,২৮,৯৩৯ মেট্রিক টন ডিজেল, ৭,৯৪০ মেট্রিক টন অকটেন, ১১,৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪,৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে ব্রিফিংয়ে দেশবাসীকে আশ্বস্ত করা হয়েছে।