ঢাকা, ২১ অক্টোবর (বিডি ইকোনমি): স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল বাণিজ্য মেলা ‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’ বিশ্ববিখ্যাত প্রদর্শনী কেন্দ্র ফিরা দে বার্সেলোনা মোন্টজুইক-এ শুরু হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
আগামী ২৩ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলায় বাংলাদেশ, স্পেন, ইতালি, জাপান, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত এবং চীনসহ বিশ্বের ১২টি দেশের তিন শতাধিক শীর্ষস্থানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নিচ্ছেন।
মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় এবং ইপিবির আর্থিক সহযোগিতায় এবারের মেলায় বাংলাদেশের ১৮টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে ১৪টি প্রতিষ্ঠান ইপিবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং ৪টি প্রতিষ্ঠান সরাসরি অংশ নিয়েছে। পাশাপাশি ইপিবির একটি ডেডিকেটেড স্টলে রপ্তানি সংক্রান্ত বিভিন্ন প্রকাশনা, জার্নাল ও প্রচারমূলক সামগ্রী প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এনডিসি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইপিবির পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন, স্পেনে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সেলর রুহুল কুদ্দুস, প্রথম সচিব (শ্রম) মাহিদ আল হাসান, বিকেএমইএ পরিচালক মো. আব্দুল হান্নান, বিভিন্ন এক্সিবিটর, স্পেনের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত মাসুদুর রহমান বলেন, জার্মানিকে পেছনে ফেলে স্পেন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পণ্যের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্যে পরিণত হয়েছে। দেশের উৎপাদন সক্ষমতা, পণ্যের গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের আস্থার ফলেই এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করতে নিরলস কাজ করে যাচ্ছে। মুডিসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ইতিবাচক সার্বভৌম ঋণমান মূল্যায়ন দেশের অর্থনীতির ক্রমবর্ধমান স্থিতিশীলতা ও সহনশীলতারই বহিঃপ্রকাশ। তিনি বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে স্পেনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।
মেলায় আন্তর্জাতিক ক্রেতা, পাইকারি বিক্রেতা এবং ডিজাইনারদের সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক জোরদারের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্যাভিলিয়নে বিভিন্ন ধরনের ওভেন ও নিটেড ফেব্রিক্স, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, সুতা এবং ফ্যাশন অ্যাক্সেসরিজ প্রদর্শিত হচ্ছে, যা আগত ক্রেতাদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
এছাড়া এবারের মেলার অন্যতম আকর্ষণ হিসেবে বিশ্বখ্যাত ‘পেক্লার্স প্যারিস’-এর পরিচালনায় ‘এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ট্রেন্ড ইন্টেলিজেন্স’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এই এক্সপো বাংলাদেশি ও বিশ্ববাজারের সরবরাহকারীদের জন্য ইউরোপীয় ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের সাথে সরাসরি নেটওয়ার্ক তৈরি এবং অর্ডার বুকিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এবারের মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডে ফ্যাশন, এ এম সি নিট কম্পোজিট লি., সারা ফ্যাশন, বেঙ্গল গ্লোরি, কনকর্ড রাইমেন্ট ওয়্যার, ইউনাইটেড ক্রিয়েশন, এ এম সি অ্যাপারেল, গ্লিমার ফ্যাশনস ডিজাইন অ্যাপারেল, জিন্স অ্যান্ড জ্যাকেট, আহাভা কম্পোজিট, এন ডব্লিউ আর এম টি, মানহা এ্যাটায়ার কম্পোজিট এবং গেট ওয়ার্ল্ড এ্যাটায়ার ট্রিমস।