শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি ব্যাক-টু-ব্যাক এলসির ওভারডিউ সময়সীমা ২৭০ দিনে মেলাল বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম অনুষ্ঠিত এমডিদের কর্মমূল্যায়নে ১০০ নম্বরের ফ্রেমওয়ার্ক জারি করলো বাংলাদেশ ব্যাংক বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw>

সোয়িফটের নতুন ক্রস-বর্ডার পেমেন্ট স্কিমে বিশ্বের প্রথম ব্যাংক সিটি ব্যাংক

ঢাকা, ৪ আগস্ট (বিডিইকোনমি) — সোয়িফটের (SWIFT) নতুন খুচরা আন্তঃসীমান্ত বা ক্রস-বর্ডার পেমেন্ট স্কিমের অধীনে অর্থ পাঠানো ও গ্রহণ—উভয় ক্ষেত্রেই সরাসরি লেনদেন সম্পন্ন করে বিশ্বসেরা সাফল্য অর্জন করেছে সিটি ব্যাংক পিএলসি। এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের ১৭টি দেশের ৫০টি প্রধান ব্যাংকের লাইভ লেনদেন নেটওয়ার্কে যুক্ত হয়েছে।

এই নতুন ব্যবস্থার ফলে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি স্বদেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন এবং ই-কমার্স উদ্যোক্তারা বিশ্বের ১৭টি দেশ থেকে পণ্যের অর্থ সরাসরি নিজেদের ব্যাংকিং অ্যাকাউন্টে গ্রহণ করতে পারবেন। তবে দেশের বাইরে অর্থ প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান বৈদেশিক মুদ্রা নীতি ও বিধিবিধান প্রযোজ্য হবে।

আন্তর্জাতিক পর্যায়ের এই নতুন পেমেন্ট স্কিমে প্রেরক ও প্রাপক—উভয় ভূমিকায় বিশ্বজুড়ে প্রথম ব্যাংক হিসেবে সফলতা লাভ করেছে সিটি ব্যাংক।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিটি ব্যাংক এই বৈশ্বিক উদ্যোগে যুক্ত হয় এবং মাত্র পাঁচ মাসের মধ্যে সম্পূর্ণ প্রকল্প চালুর জন্য প্রস্তুত হয়। গত ২২ জুন ব্যাংকটি মাত্র ১ মিনিটে তাদের প্রথম আন্তর্জাতিক লেনদেন সম্পন্ন করে, যার পরবর্তী লেনদেনগুলো মাত্র ৫৭ সেকেন্ডে সম্পন্ন হয়েছে। পরবর্তীতে ২৩ জুন, প্রাপক ব্যাংক হিসেবে সিটি ব্যাংক ভারতের এইচডিএফসি (HDFC) ব্যাংকের সাথে সমন্বয় করে ভারত থেকে আসা একটি ইনকামিং পেমেন্ট দ্রুত ক্লিয়ার করে বাংলাদেশের অন্য একটি স্থানীয় ব্যাংকে সফলভাবে পাঠায়।

আন্তর্জাতিক রেমিট্যান্স প্রেরণে ঐতিহ্যগত বিলম্ব, অতিরিক্ত খরচ এবং হিডেন বা গোপন মধ্যস্থতাকারী ফি দূর করতে জি২০ (G20) লক্ষ্যমাত্রার সাথে সঙ্গতি রেখে সোয়িফ্ট এই নতুন বিশ্বব্যাপী ফ্রেমওয়ার্ক চালু করে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, থাইল্যান্ড, কানাডা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ ১৭টি দেশের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় ব্যাংক এই কাঠামোর সাথে যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে একমাত্র সিটি ব্যাংকই এই স্কিমে অংশগ্রহণ করছে।

নতুন এই স্কিমের ফলে খুচরা গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অতিরিক্ত কোনো ধরনের গোপন কর্তন ছাড়াই নিশ্চিত পূর্ণমূল্যের অর্থ স্থানান্তর (ফুল-ভ্যালু ট্রান্সফার), শুরুতেই স্বচ্ছ ফি প্রক্রিয়া, সার্বক্ষণিক (২৪/৭) গেটওয়ে সুবিধা এবং দ্রুততম সময়ে লেনদেনের নিশ্চয়তা পাবেন।

সিটি ব্যাংকের এই আন্তর্জাতিক অর্জন উপলক্ষ্যে সম্প্রতি সোয়িফ্ট এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) যৌথভাবে “ইনওয়ার্ড রেমিট্যান্স সহজীকরণ এবং বাংলাদেশের আর্থিক খাতের পরিচালন দক্ষতা বৃদ্ধি” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং সোয়িফটের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা কিরণ শেঠি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাশরুর আরেফিনের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে সিটি ব্যাংক ও সোয়িফটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।