বুধবার ১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
সোনালী ব্যাংকের ৭ হাজার কোটি টাকার ধারে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেনে ফিরছে ন্যাশনাল ব্যাংক বায়োটেকনোলজিতে যৌথ ডিগ্রি ও উচ্চতর গবেষণা বাড়াতে বাউবি ও এনআইবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দরপত্র জমাসের সময়সীমা বাড়িয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত করল পেট্রোবাংলা আইএমএফের পূর্বাভাস: ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি আরও কমে ৩.২ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে ওঠার আশঙ্কা ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের নিট এফডিআই বেড়েছে ১২.৭৮ শতাংশ, মূল চালিকাশক্তি পুনর্বিনিয়োগকৃত আয় জাতীয় নিরাপত্তা নিশ্চিতে তিন মূল ভিত্তির ওপর জোর দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ.কে.এম. শামছুল ইসলাম ব্যস্ত পেশাজীবীদের জন্য ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বিশেষ অফারে বাজারে এলো নতুন স্মার্টফোন<gwmw style="display:none;"></gwmw> ডিজিটাল জালিয়াতি রোধ ও সচেতনতার মধ্য দিয়ে শেষ হলো ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ হয়রানি বন্ধ ও কমিশন পুনর্নির্ধারণের দাবিতে ১৫-১৬ অক্টোবর এলপিজি পরিবেশকদের দেশব্যাপী ধর্মঘটের ডাক

বায়োটেকনোলজিতে যৌথ ডিগ্রি ও উচ্চতর গবেষণা বাড়াতে বাউবি ও এনআইবির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা, ১৩ অক্টোবর (বিডিইকোনমি): দেশের বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন এই সমঝোতাকে দেশের বিজ্ঞান ও গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এনআইবির আধুনিক গবেষণাগার ও অবকাঠামোগত সুবিধা বাউবির শিক্ষক ও শিক্ষার্থীদের—বিশেষ করে স্কুল অব এগ্রিকালচারের এমএস ও পিএইচডি গবেষকদের—বিশ্বমানের গবেষণার অনন্য সুযোগ করে দেবে। কেবল তাত্ত্বিক পড়াশোনা বা জার্নালে সীমাবদ্ধ না থেকে বায়োটেকনোলজির ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে নতুন ওষুধ, জৈব সার, জলবায়ু-সহনশীল ফসল এবং মৎস্য খাতের উন্নয়ন ঘটাতে হবে বলে তিনি গুরুত্বারোপ করেন।

বিজ্ঞান সচিব আরও জানান, সরকার বর্তমানে একটি ‘ন্যাশনাল ইনোভেশন হাব’ গড়ে তুলছে, যেখানে বাউবি ও এনআইবি যৌথভাবে দেশের কৃষি, ওষুধ শিল্প ও জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে। এই অংশীদারিত্বের আওতায় মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান জানান, এই চুক্তির ফলে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বায়োটেকনোলজিতে ডিপ্লোমা, এমএসসি, এমফিল এবং পিএইচডি ডিগ্রি প্রদান করবে। সহযোগিতার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—

  • যৌথ কারিকুলাম ও প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন
  • জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স ও মলিকুলার বায়োলজি বিষয়ে যৌথ গবেষণা
  • পরীক্ষাগার ও যন্ত্রপাতি যৌথভাবে ব্যবহার
  • শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ এবং মেধাস্বত্ব (আইপিআর) ও গোপনীয়তা রক্ষা সংক্রান্ত নীতিমালা

অনুষ্ঠানে এনআইবির পক্ষে মহাপরিচালক অধ্যাপক ড. মো. সগীর আহমেদ এবং বাউবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল খায়ের মো: আক্কাস আলী ও ড. সৈয়দা নওশিন পর্ণিনী এবং বাউবির স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডীন অধ্যাপক ড. আবদুল মজিদ মন্ডলসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।