মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
জানুয়ারি থেকে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৬ শতাংশ পর্যন্ত ২০ দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত প্রত্যাহার ৩,২৪৫ কোটি টাকা ঢাকার বসুন্ধরায় সনির প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার উদ্বোধন সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি

বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ

ঢাকা, ২০ সেপ্টেম্বর (বিডিইকোনমি) — বাংলাদেশ ও চীনের ইউনান প্রদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে রবিবার ঢাকায় সফররত চীনা প্রতিনিধি দলের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, নতুন বাজার সৃষ্টি, ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং দ্বিপাক্ষিক বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের নেতৃত্বে আগত এই প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেন।

সভায় বাংলাদেশের সরকারি সংস্থা, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও বেসরকারি খাতের সঙ্গে ইউনানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বাজার সম্ভাবনা যাচাই, স্থানীয় এজেন্ট বা ডিস্ট্রিবিউটর নিয়োগ, কৃষি ও কৃষিজাত পণ্যের আমদানি-রপ্তানি, লজিস্টিকস সেবা এবং চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের বাণিজ্য অবকাঠামো সম্পর্কে জানার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করে চীনা প্রতিনিধিদল।

ইউনান প্রাদেশিক বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বাংলাদেশে নির্মাণসামগ্রী, প্রকৌশল পণ্য ও কৃষি যন্ত্রপাতির অভ্যন্তরীণ চাহিদা যাচাই, স্থানীয় প্রদর্শনী ও বাণিজ্যিক বাজার পরিদর্শন, কার্যকর বিতরণ ও লজিস্টিকস নেটওয়ার্ক গড়ে তোলা এবং কৃষি ও হালকা শিল্পজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। এর পাশাপাশি বাংলাদেশি টেক্সটাইল ও বিশেষায়িত কৃষি পণ্যের সঙ্গে ইউনানের অর্থনৈতিক যোগসূত্র জোরদার করার বিষয়টি আলোচনায় উঠে আসে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে সরকারি পর্যায়ের সহযোগিতার পাশাপাশি ব্যবসায়ী-টু-ব্যবসায়ী (B2B) যোগাযোগ, বাজার সংযোগ এবং কৌশলগত বাণিজ্য অংশীদারিত্ব বৃদ্ধি অপরিহার্য।

বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার এবং বাংলাদেশ ও ইউনানের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।