বুধবার ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মূল ভিত্তি ‘বিশ্বাস’: তানভীর শাহরিয়ার গনি পরিকল্পিত নগরায়ণে জেলা ও সিটি করপোরেশনে নতুন মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র সংকটের মাঝেই বাড়ল এলপিজির দাম, খুচরা বাজারে অস্থিরতা জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার: রাষ্ট্রদূত সাইদা শিনিচি

জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ

ঢাকা, ৬ অক্টোবর (বিডিইকোনমি): দেশীয় জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ (শিপ ব্রেকিং) শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে প্রাতিষ্ঠানিক দীর্ঘসূত্রতা ও অনুমোদন প্রক্রিয়ার জটিলতা দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে পরিবেশগত মান বজায় রেখে বিদেশি জাহাজ আকৃষ্ট করতে দ্রুততম সময়ে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো ‘ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি’ (টিএসডিএফ) স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পসংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা পর্যালোচনা কমিটির সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। এতে বাণিজ্য ও শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান উপস্থিত ছিলেন।

সভায় স্থান পায় চট্টগ্রাম কেন্দ্রিক ছাড়পত্র ও ফাইল অনুমোদনের বিষয়টি। বর্তমানে পরিবেশ ও অন্যান্য দপ্তরের ছাড়পত্র পেতে ৪৫ থেকে ৬০ দিন পর্যন্ত বিলম্ব হচ্ছে। এ জটিলতা এড়াতে চট্টগ্রাম থেকেই সরাসরি ফাইল অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আন্তর্জাতিক বাজারে জাহাজের ক্রয়াদেশ পেতে বাংলাদেশকে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সক্ষমতার ভিত্তিতে টিকে থাকতে হবে। বিদেশি ক্রেতাদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করতে নিয়মকানুন ও প্রক্রিয়াগুলো সহজ করা জরুরি।”

তিনি জানান, তার নেতৃত্বে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সমন্বয়ে একটি বিশেষ কমিটি এ প্রক্রিয়া সহজীকরণের কাজ করছে। পাশাপাশি পুরোনো ঋণের জটিলতা কাটিয়ে জাহাজ নির্মাণ শিল্পের অর্থায়ন সংকট দূর করতে সরকার সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে দ্রুত বৈঠকে বসবে বলে জানান তিনি।

পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, টিএসডিএফ অবকাঠামো না থাকায় ইউরোপীয় জাহাজমালিকরা বাংলাদেশে জাহাজ ভাঙতে বা পুনঃপ্রক্রিয়া করতে দ্বিধা করছেন এবং বিকল্প গন্তব্য বেছে নিচ্ছেন। এতে সম্ভাবনাময় এ খাতের বিশাল অর্থনৈতিক সুযোগ হাতছাড়া হচ্ছে।

তিনি বলেন, “ইউরোপীয় জাহাজে উচ্চমানের পুনর্ব্যবহারযোগ্য উপাদান থাকে। পরিবেশগত মান বজায় রেখে টিএসডিএফ দ্রুত স্থাপন করা গেলে এসব জাহাজকে আকৃষ্ট করা সম্ভব হবে।”

কার্যপত্র উপস্থাপন করে শিল্পসচিব আব্দুন নাসের খান জানান, শিল্পটিকে গতিশীল করতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ (OSS) প্ল্যাটফর্মের ওয়ার্কিং গ্রুপ কাজ শুরু করেছে। একই সঙ্গে ‘হংকং কনভেনশন’-এর মানদণ্ড অনুযায়ী গ্রিন ইয়ার্ড নির্মাণের নির্দেশিকা তৈরি এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রক্রিয়া বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও সংসদ বিষয়ক সচিব লিয়াকত আলী মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন