ঢাকা, ৩০ জুলাই (বিডিইকোনমি ডটনেট)- বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগকে বেগবান করার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট সার্ভিস চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে ক্যাশলেস ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ নেওয়া হলো।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এফসিএমএ।
এই নতুন ব্যবস্থার অধীনে এখন থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিউশন ফি ও অন্যান্য অ্যাকাডেমিক ফি প্রদান, ক্যাফেটেরিয়া ও রিটেল কেনাকাটা সহ সব ধরনের দৈনন্দিন লেনদেন ‘বাংলা কিউআর’ এবং অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
উল্লেখ্য, ‘বাংলা কিউআর’ হলো দেশের সার্বজনীন বা ইন্টারঅপারেবল কিউআর পেমেন্ট প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহারকারী গ্রাহকরা যে কোনো পেমেন্ট অ্যাপ দিয়ে একটি মাত্র কিউআর কোড স্ক্যান করে তাত্ক্ষণিকভাবে ডিজিটাল লেনদেন করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। তিনি ক্যাশলেস অর্থনীতি গঠনে বাংলা কিউআর, ডিজিটাল লেনদেন এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন জাতীয় পদক্ষেপ নিয়ে শিক্ষার্থীদের করা প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিফাত উল্লাহ খান বলেন, “এই উদ্যোগ প্রমাণ করে যে প্রযুক্তি কীভাবে আমাদের দৈনন্দিন লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে পারে। বাংলাদেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির সাথে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে ব্র্যাক ব্যাংক তার উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার বাংলা কিউআর সার্ভিসকে ডিজিটালি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে একটি সাহসী পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, “তবে একটি পূর্ণাঙ্গ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পুরো ডিজিটাল ইকোসিস্টেমের অন্য দুটি প্রধান স্তম্ভ—সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ ও স্মার্ট ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত করা প্রয়োজন।”
ব্র্যাক ইউনিভার্সিটি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্লাবের (ফিনঅ্যাক্ট) শিক্ষার্থীদের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ. এন. এম. মঈনুল কবির এবং পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খান, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।