সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি আরএলএনজি থেকে রেকর্ড সরবরাহেও কাটেনি গ্যাস সংকট, দৈনিক ঘাটতি ১৪০০ এমএমসিএফডি বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার পরিধি বাড়াল, যুক্ত হলো ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট রিহ্যাব নেতাদের ঋণখেলাপ ও কর পরিশোধের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিকের পদত্যাগ, এক সপ্তাহে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তার বিদায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বিশেষ ‘প্রাইওরিটি ব্যাংকিং’ সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-কুয়েত শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একমত তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স মালেশিয়ার ডেপুটি অর্থমন্ত্রীর সাথে ডিএসসিসি সভাপতির সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

অবকাঠামো ও ইউটিলিটি সুবিধার ধীরগতিতে অর্থনৈতিক অঞ্চলে তৈরি হয়েছে আস্থাহীনতা: বেজিয়া সভাপতি

ঢাকা, ১০ আগস্ট (বিডিইকোনমি)- অর্থনৈতিক অঞ্চলগুলোতে অনেক উদ্যোক্তা প্লটের জন্য বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করলেও অবকাঠামো ও ইউটিলিটি সুবিধার ধীরগতির কারণে তৈরি হয়েছে তীব্র আস্থাহীনতা। ফলে প্রথম ধাপে অগ্রাধিকারপ্রাপ্ত ৫টি সরকারি অর্থনৈতিক অঞ্চলের ৩৯,০০০ একর জমির ওপর মাত্র ২৭টি প্রতিষ্ঠান বর্তমানে উৎপাদনে রয়েছে, যা মোট বরাদ্দকৃত জমির মাত্র ৩৭ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে অর্থনৈতিক অঞ্চলে নতুন বিনিয়োগের গতি বাড়াতে এবং অবকাঠামোগত ও নীতিগত সমস্যা নিরসনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস এসোসিয়েশন (বেজিয়া)-এর মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা জানান বেজিয়া সভাপতি এম এ জব্বার।

বৈঠকে বেজিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এম এ জব্বার। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ হালিমুজ্জামান, পরিচালক দেলোয়ার এইচ টিটু, সিইও ড. অপরূপ চৌধুরী এবং সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান। বিজিএমইএ এর পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এবং সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান।

সভায় অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে যৌথ লবিং ও সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়। উদ্যোক্তারা নিরবচ্ছিন্ন গ্যাস ও শিল্প-পানির সংকট কাটিয়ে ওঠার আহ্বান জানানোর পাশাপাশি কারখানা পূর্ণাঙ্গভাবে সচল হওয়ার আগেই অতিরিক্ত সার্ভিস চার্জ আরোপের বিরোধিতা করেন।

বিনিয়োগ সুগম করতে উভয় সংগঠন যৌথভাবে সরকারের উচ্চ পর্যায়ে কয়েকটি প্রধান পলিসি দাবি উত্থাপনের সিদ্ধান্ত নেয়:

  • সার্ভিস চার্জ মওকুফ: প্রতিশ্রুত নিরবচ্ছিন্ন ইউটিলিটি সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যবহৃত ইউটিলিটি বিলের ওপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আরোপিত সার্ভিস চার্জ সম্পূর্ণ মওকুফ করা।
  • সমপরিমাণ নগদ প্রণোদনা: অর্থনৈতিক অঞ্চলের বাইরের প্রতিষ্ঠানের সাথে সমতা রক্ষার্থে জোনভুক্ত ইউনিট ইনভেস্টরদের জন্য খাতভিত্তিক সমপরিমাণ নগদ প্রণোদনা প্রদান।
  • লিজ ট্যারিফে ভ্যাট মওকুফ: মাস্টার লিজ হোল্ডার এবং সাব-লিজ গ্রহীতা উভয় স্তরে ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধের বাধ্যবাধকতা (দ্বৈত করারোপ) দূর করে লিজ ট্যারিফের ওপর ভ্যাট সম্পূর্ণ মওকুফ করা।
  • প্রচ্ছন্ন রপ্তানি সহজীকরণ: দেশীয় বন্ড-লাইসেন্সধারী রপ্তানিকারকদের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও সময় অপচয় রোধে EXP ও EP ছাড়াই প্রচ্ছন্ন রপ্তানি কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান।
  • সহজ আইনি ও আর্থিক প্রক্রিয়া: ওয়ান-স্টপ সার্ভিস (OSS) কার্যকর করা এবং ব্যাংক ঋণ সুবিধার সুবিধার্থে ৯৯ বছরের লিজ মিউটেশন ব্যাংকযোগ্য করা।

বেজিয়া সভাপতি উল্লেখ করেন, চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিজিএমইএ-এর ৪১টি ইউনিট ইনভেস্টর রয়েছে। ফলে তৈরি পোশাক (আরএমজি) খাতের উন্নয়ন ও জাতীয় পলিসি বাস্তবায়নে দুই সংগঠনের একসাথে কাজ করার জোরালো যৌক্তিকতা রয়েছে।

এ লক্ষ্যে দুই সংগঠনের পারস্পরিক সমন্বয় সুসংহত করতে বেজিয়ার পরিচালনা পর্ষদে বিজিএমইএ-এর একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আমন্ত্রণ জানানো হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রস্তাবটিকে স্বাগত জানান এবং দ্রুততম সময়ে একজন যোগ্য প্রতিনিধি মনোনয়নের প্রতিশ্রুতি দেন।

উভয় সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই যৌথ নীতিগত উদ্যোগ ও অ্যাডভোকেসি অর্থনৈতিক অঞ্চলের বিদ্যমান অবকাঠামোগত ও নীতিগত জটিলতা নিরসনে বেজাকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে।