মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
বাংলাদেশ-চীন সুসম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ লেখকরা: লি শাওপেং ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়াল চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, যুক্ত হলো ২১ নতুন অংশীদার ক্রিয়েটিভ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: ৫০ হাজার কর্মসংস্থান ও জিডিপিতে অবদান বৃদ্ধির লক্ষ্য ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার ছাড়াল ইনভেস্ট বাংলাদেশ-এর কার্যক্রম শুরু শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আহ্বান ঢাকা চেম্বারের প্রবাসী আয়ের একটি অংশ এসএমই খাতে বিনিয়োগ করলে কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে: আইওএম প্রধান<gwmw style="display:none;"></gwmw>

সংস্কার একটি চলমান প্রক্রিয়া, অর্থনৈতিক গতিশীলতার জন্য এটি অপরিহার্য: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে অভিহিত করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থনীতির গতি বজায় রাখার জন্য সংস্কারের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার এবং গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে সিটিজেনস প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশ এবং ইআরএফ।

ড. দেবপ্রিয় বলেন, “সংস্কার কোনো স্থির বিষয় নয়; এটি একটি নিরন্তর প্রক্রিয়া। মানুষের শরীরে রক্ত সঞ্চালন যেমন অত্যাবশ্যক, একটি দেশের অর্থনীতি সচল রাখতে সংস্কারও তেমনি অপরিহার্য।”

সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, এই আন্দোলন কাঠামোগত পরিবর্তনের বিষয়ে জনগণের আকাঙ্ক্ষাকে আরও তীব্র করেছে। রাজনৈতিক দলগুলোকে সংস্কারের বিষয়টি অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান নির্বাচনী ইশতেহারগুলোতেও এই প্রয়োজনীয়তা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হয়েছে।

তিনি বাংলাদেশের সংস্কারের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে স্বাধীনতার পর তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের নেতৃত্বে পুনর্গঠন প্রচেষ্টার কথা স্মরণ করেন। এছাড়া সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, “মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তন এবং ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট বা নমনীয় বিনিময় হার চালুর মতো দুটি বড় সংস্কার বাস্তবায়নে তার ভূমিকা ঐতিহাসিক হয়ে থাকবে।”

একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নীতিমালা সংশোধন করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি চার দিন আগে টেলিকম উপদেষ্টার সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। তিনি জানিয়েছেন, নীতিমালাটি সংশোধনের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, মোবাইল হ্যান্ডসেটের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ বা নকল হ্যান্ডসেট বন্ধে এনইআইআর সিস্টেমের মাধ্যমে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ও সিম কার্ডের সঙ্গে আইএমইআই (IMEI) নম্বর যুক্ত করা হয়।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর, প্রথম আলো অনলাইনের সম্পাদক শওকত হোসেন মাসুম, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম।