রবিবার ৯ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতকে যুক্ত করতে খসড়া নীতিমালা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত অর্থবছর ২৬-এ কৃষি ঋণ বিতরণ ৪২,৮৩৪ কোটি টাকা ছাড়াল: লক্ষ্যমাত্রার চেয়ে ৯.৮৩ শতাংশ বেশি উন্নয়নশীল অর্থনীতির ১৬.২% শ্রমিকের উৎপাদনশীলতা বাড়াতে পারে এআই: বিশ্বব্যাংক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের মূল চালিকাশক্তি শিল্প কারখানার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ: আইইইএফএ রিপোর্ট রপ্তানি লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে বিটিএমএ ও বিজিএমইএর যৌথ আয়োজনে ‘বিটমা’ প্রদর্শনী সোয়িফটের নতুন ক্রস-বর্ডার পেমেন্ট স্কিমে বিশ্বের প্রথম ব্যাংক সিটি ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> অনুমোদিত মূলধন দ্বিগুণ করে ৩,০০০ কোটি টাকা করলো ব্যাংক এশিয়া সোনালী ব্যাংকের ৫ করপোরেট শাখায় ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা তুললো বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে সহযোগিতা বৃদ্ধিতে ডিএসই ও চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের সাথে বাংলাদেশে কার্যরত চীনা কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন ‘চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ’ (সিইএবি)-এর এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত এই বৈঠকে সিইএবি-এর ভাইস প্রেসিডেন্ট মা বেন-এর নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেন। বর্তমানে বাংলাদেশে আড়াইশরও বেশি চীনা কোম্পানি এই সংগঠনের সদস্য হিসেবে অবকাঠামো, আইটি, বিদ্যুৎ ও লজিস্টিকস খাতে সক্রিয় রয়েছে।

বৈঠকে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পুঁজিবাজারের রূপান্তর ও আধুনিকায়নকে বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা বাজারের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে নতুন কৌশল প্রণয়ন করছি। যৌথ লক্ষ্য অর্জনে চীনা কোম্পানিগুলোর সাথে আমাদের এই ঘনিষ্ঠ সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ডিএসই প্রধান আরও জানান, আগ্রহী চীনা কোম্পানিগুলোকে তালিকাভুক্তি ও বিনিয়োগ প্রক্রিয়ায় সহায়তা করতে ডিএসই পৃথকভাবে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। আগামী পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়নেও চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিইএবি-এর ভাইস প্রেসিডেন্ট মা বেন এই বৈঠককে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর পদচারণা দিন দিন বাড়ছে। ২০২৬ সালে বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সিইএবি কাজ করে যাবে।

প্রতিনিধিদলে হুয়াওয়ে, ভিভো, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং এবং চায়না রেলওয়ে ফার্স্ট ইঞ্জিনিয়ারিং ব্যুরোসহ বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ডিএসই’র পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক শেষে চীনা প্রতিনিধিদল ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হল ও ট্রেনিং একাডেমি পরিদর্শন করেন।