রবিবার ২৬ জুলাই, ২০২৬
সর্বশেষ:
‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক ইডিএফ ঋণের মেয়াদ বাড়িয়ে ২৭০ দিন করার সুযোগ, বাংলাদেশ ব্যাংকের নতুন মাস্টার সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান বিডার নতুন কৌশলে সুফল: ১.৫ বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০০ মিলিয়ন ডলার এফডিআই বাস্তবায়নে জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসী আয় ২৩.৫% বেড়ে ২০৯ কোটি ৫০ লাখ ডলার ২০২৬ সালের প্রথম ৬ মাসে তৈরি পোশাক রপ্তানি ০.৬৩% কমে ১৯.৩৪ বিলিয়ন ডলার: ইপিবি আমানতকারীরাই ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে ৬ দফা রোডম্যাপ; শিল্পে জ্বালানি নিরাপত্তায় সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার: মাহদী আমিন হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

আইবিএফবি: প্রস্তাবিত অর্থবছর ২৭-এর বাজেট বিনিয়োগ ও কর্মসংস্থানের বাস্তবসম্মত রূপরেখা

ঢাকা, ১৮ জুন (বিডিইকোনমি ডটনেট) : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। সংগঠনটি এই বাজেটকে অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্প সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের লক্ষ্যে একটি ইতিবাচক ও বাস্তবসম্মত রূপরেখা বা প্রাগম্যাটিক রোডম্যাপ হিসেবে বর্ণনা করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত “প্রস্তাবিত বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক এক সংবাদ সম্মেলনে আইবিএফবি’র সভাপতি লুৎফুরনিসা সৌদিয়া খান বলেন, এই বাজেট ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক বার্তা দিচ্ছে।

বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশ, নারী ও যুব উদ্যোক্তাদের সহায়তা, ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণ, নবায়নযোগ্য শক্তির প্রসার এবং করমুক্ত আয়ের সীমা বৃদ্ধির ওপর সরকারের কৌশলগত গুরুত্বারোপের প্রশংসা করেন তিনি।

আইবিএফবি প্রধান বলেন, “এইসব সুনির্দিষ্ট উদ্যোগের সফল বাস্তবায়ন দেশী ও বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

বাজেটের এই দূরদর্শী নির্দেশনার প্রশংসা করার পাশাপাশি, দেশের অর্থনৈতিক খাতের আসন্ন বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় রাষ্ট্রকে সতর্ক থাকার ওপর জোর দিয়েছে এই ফোরাম।

আইবিএফবি সভাপতি উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন, চলমান মূল্যস্ফীতির চাপ সামলানো, ব্যাংকিং খাতের অন্তর্নিহিত কাঠামোগত দুর্বলতা দূর করা এবং রাষ্ট্রীয় বাস্তবায়ন সক্ষমতার ঘাটতি কাটিয়ে উঠতে দ্রুত ও কার্যকর নীতিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাজেটের সুচারু বাস্তবায়ন নিশ্চিত করতে নীতি-নির্ধারক কর্তৃপক্ষের কাছে আইবিএফবি তাদের মূল সুপারিশগুলো পুনরায় তুলে ধরে। যার মধ্যে রয়েছে—কর প্রশাসনের সম্পূর্ণ ডিজিটালাইজেশন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ব্যাপক কাঠামোগত সংস্কার, ব্যবসা করার সহজীকরণ (ইজ অব ডুইং বিজনেস) উন্নত করতে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস, এসএমই খাতের জন্য সহজ অর্থায়নের সুবিধা নিশ্চিত করা এবং নীতিগত ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় পুঁজিবাজারের বিকাশ ত্বরান্বিত করা।

সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান এবং আইবিএফবি’র আজীবন সদস্য ড. মুহাম্মদ আবদুল মজিদ উল্লেখ করেন, বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য নীতিমালার পূর্বাভাসযোগ্যতা (প্রেডিক্টাবিলিটি) এবং ধারাবাহিকতা রক্ষা করা অপরিহার্য পূর্বশর্ত।

ফোরাম দৃঢ় বিশ্বাস প্রকাশ করে যে, কঠোর বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় আর্থিক সংস্কারের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট টেকসই উন্নয়নের দিকে বাংলাদেশের যাত্রাকে আরও শক্তিশালী করবে।

সংবাদ সম্মেলনে আইবিএফবি’র সাবেক সভাপতি হুমায়ুন রশিদ, পরিচালক এম এস সিদ্দিকী এবং সহ-সভাপতি প্রকৌশলী উৎপল কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।