ঢাকা, ২৮ সেপ্টেম্বর (বিডিইকোনমি): চীনে অনুষ্ঠিত ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা (ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬)-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বমঞ্চের এই আন্তর্জাতিক দক্ষতা প্রতিযোগিতায় কম্পিউটার সফটওয়্যার টেস্টিং বিভাগে ১০ম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপমেন্ট বিভাগে ১৫তম স্থান অধিকার করেছে বাংলাদেশ।
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে কম্পিউটার সফটওয়্যার টেস্টিং বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশের প্রতিযোগী মাশফি রেজোয়ান সৈকতকে আনুষ্ঠানিকভাবে মর্যাদাপূর্ণ ‘বেস্ট অব নেশন’ (Best of Nation) পুরস্কারে ভূষিত করা হয়। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যক্তিগত নৈপুণ্য ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ‘বেস্ট অব নেশন’ বিজীর নাম প্রথমে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদলের প্রধান মনোনীত করেন। পরবর্তীতে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সাধারণ পরিষদে সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে এটি চূড়ান্ত করা হয়।
এবারের সাংহাই আসরে বিশ্বের ৬৮টি দেশের প্রায় ১,৪০০ জন প্রতিযোগী ৬৪টি ভিন্ন ভিন্ন স্কিল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাওসার চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বাংলাদেশী প্রতিনিধিদল সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে এনএসডিএ-র প্রতিনিধিদলটি বিভিন্ন আন্তর্জাতিক অংশীদার ও দক্ষতা উন্নয়ন সংস্থার প্রতিনিধিদেদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও আলোচনায় অংশ নেয়। এসব আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কাঠামোগুলোকে আরও শক্তিশালী করা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং আগামী ‘ওয়ার্ল্ডস্কিলস জাপান ২০২৮’-এর প্রস্তুতি জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।