ঢাকা, ১০ আগস্ট (বিডিইকোনমি)– সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্টের প্রসার ও ব্যবহার উৎসাহিত করতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) লেনদেনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (Interchange Reimbursement Fee – IRF) শূন্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন এই নির্দেশনার ফলে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের জন্য একোয়ারিং প্রতিষ্ঠানগুলো (Acquiring Institutions) ইস্যুয়িং প্রতিষ্ঠানগুলোর (Issuing Institutions) কাছ থেকে কোনো প্রকার ফি বা সার্ভিস চার্জ প্রাপ্য হবে না।
সোমবারে (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ (PSD-2) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। দেশের সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাসংক্রান্ত এই চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পিএসডি-২ এর পরিচালক মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত সার্কুলারে জানানো হয়, ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি শূন্য নির্ধারণের এই নতুন নির্দেশনাটি আগামী ২০২৬ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে যে, গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের ‘পিএসডি সার্কুলার নং-০২/২০২৫’ এবং ১ জুলাই ২০২৫ তারিখের ‘পিএসডি-২ সার্কুলার লেটার নং-০৫’-এ বর্ণিত বাংলা কিউআর লেনদেনসংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
নতুন এই সার্কুলার জারির মাধ্যমে ২০২৫ সালের ১ জুলাই প্রকাশিত ‘পিএসডি-২ সার্কুলার লেটার নং-০৫’ রহিত বা বাতিল করা হয়েছে।