রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি বিজিএমইএ কাপ ২০২৬-এর ট্রফি উন্মোচন ও বাফুফে অংশীদারিত্ব উদযাপন বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি

বিজিএমইএর নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নিলেন মেজর জেনারেল শাহেদুল ইসলাম

ঢাকা | ১ আগস্ট (বিডিইকোনমি)-বাংলাদেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানি কারক সমিতি (বিজিএমইএ)-এর নতুন মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল ড. মো. শাহেদুল ইসলাম (অব.)।

সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি এবং শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি বহুমুখী অভিজ্ঞতাসম্পন্ন ড. শাহেদুল ইসলাম ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক কূটনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন সরকার তাকে সম্মানজনক ‘লেজিয়ন অব মেরিট’ পদকে ভূষিত করে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ শীর্ষক বিষয়ের ওপর পিএইচডি এবং এমফিল ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ডিন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোষাধ্যক্ষ ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে একাধিক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

নতুন মহাসচিবকে স্বাগত জানিয়ে বিজিএমইএ নেতৃত্ব আশা প্রকাশ করে যে, আন্তর্জাতিক কূটনীতি, কৌশলগত নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।

দেশের প্রধান রফতানিভিত্তিক সংগঠনে যোগ দিতে পেরে অনুভূতি প্রকাশ করে মেজর জেনারেল ড. মো. শাহেদুল ইসলাম (অব.) বলেন, তিনি বিজিএমইএ পরিচালনা পর্ষদ এবং পোশাক উদ্যোক্তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবেন। একই সঙ্গে পণ্যের বৈচিত্র্যায়ন, নতুন বাজার সম্প্রসারণ, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির আলোকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার দৃঢ় ব্যক্ত করেন তিনি।