ঢাকা, ২ জুলাই (বিডিইকোনমি) — ‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’— এই স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী ‘গ্রাহক সেবা মাস’ ক্যাম্পেইন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
গত ১ জুলাই ২০২৬, বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অপর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সশরীরে উপস্থিত ছিলেন। পাশাপাশি ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান এবং উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের সকল শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং সেলফিনসহ ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। আমাদের রেমিট্যান্স গ্রাহকগণও কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে সেবা গ্রহণ করছেন।
গ্রাহক আস্থার সংকট কাটিয়ে ওঠার বিষয়ে তিনি বলেন, সাময়িক পরিস্থিতির কারণে যেসব গ্রাহক পূর্বে হিসাব বন্ধ করে অর্থ উত্তোলন করেছিলেন, তাঁদের অধিকাংশই ইতোমধ্যে ব্যাংকের ওপর পুনরায় আস্থা রেখে ফিরে এসেছেন। গ্রাহকদের এই স্বতঃস্ফূর্ত প্রত্যাবর্তন ইসলামী ব্যাংকের প্রতি তাঁদের দীর্ঘদিনের গভীর বিশ্বাসের সুস্পষ্ট প্রতিফলন।
ইসলামী ব্যাংক একটি শক্তিশালী, স্থিতিশীল ও সুদৃঢ় আর্থিক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি ব্যাংকের সামগ্রিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে গ্রাহকদের নিরলস সেবা দেওয়ার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।