ঢাকা, ৩০ জুলাই (বিডিইকোনমি) — ২০২৬-২০২৭ মেয়াদের জন্য দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাব্বীর আহমেদ এফসিএ।
একই মেয়াদের জন্য ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিয়াজ মোহাম্মদ এফসিএ, আলা উদ্দিন এফসিএ, আসিফুর রহমান এফসিএ ও মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ। নতুন নির্বাচিত এই নেতৃত্ব গত ১ জুলাই ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করেছেন।
নবনির্বাচিত আইসিএবি প্রেসিডেন্ট সাব্বীর আহমেদ এফসিএ দেশের অন্যতম শীর্ষস্থানীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ফার্ম হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর (সাবেক এএফ ফার্গুসন অ্যান্ড কোং) একজন পার্টনার। তিন দশকের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যক্তিত্ব বিশ্বের শীর্ষ অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান ‘বিগ ফোর’-এর একটিতে কাজ করেছেন। অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক পর্যায়ে ১২ বছরেরও বেশি কাজ করার অনন্য অভিজ্ঞতা রয়েছে তার।
নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্টদের মধ্যে নিয়াজ মোহাম্মদ এফসিএ গ্র্যান্ট থর্নটন ইন্টারন্যাশনালের সদস্য প্রতিষ্ঠান হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-এর সিনিয়র পার্টনার। ২৫ বছরেরও বেশি সময় ধরে তিনি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর, উন্নয়ন সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানে অডিট, অ্যাসুরেন্স এবং বিজনেস অ্যাডভাইজরি সেবা দিয়ে আসছেন।
ভাইস-প্রেসিডেন্ট আলা উদ্দিন এফসিএ বর্তমানে মেটলাইফ বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত আছেন। রবি আজিয়াটা লিমিটেড, নোভারটিস বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনায় ২২ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার।




আরেক ভাইস-প্রেসিডেন্ট আসিফুর রহমান এফসিএ বর্তমানে হোসেন ফরহাদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর পার্টনার হিসেবে কর্মরত। অডিট, অ্যাস্যুরেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স রিভিউ এবং ইন্টারনাল কন্ট্রোল বিষয়ে বিশেষজ্ঞ আসিফুর রহমানের ২৫ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি মেটলাইফ বাংলাদেশের ফিন্যান্স কন্ট্রোলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।
ভাইস-প্রেসিডেন্ট মোহাম্মদ রেদওয়ানুর রহমান এফসিএ বর্তমানে রেদওয়ান রহমান অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সিনিয়র পার্টনার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি মেটলাইফ বাংলাদেশ, লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং কেপিএমজি বাংলাদেশের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের শীর্ষ পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।