ঢাকা, ১৭ জুন (বিডিইকোনমি ডটনেট): দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্যের সুরক্ষায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি)-এর স্থিতিশীলতা একটি অপরিহার্য উপাদান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন।
তিনি বলেন, “বাংলাদেশের আর্থিক ব্যবস্থায় ইসলামী ব্যাংক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতিগত ব্যাংক (Systemically Important Bank)। এই প্রতিষ্ঠানটি দেশের আমদানি-রপ্তানি, প্রবাসী আয় (রেমিট্যান্স), বৈদেশিক বাণিজ্য, লক্ষ লক্ষ উদ্যোক্তার ব্যবসা এবং কোটি কোটি মানুষের আর্থিক কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত।”
বুধবার (১৭ জুন) মতিঝিলস্থ ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা সশরীরে উপস্থিত ছিলেন এবং দেশজুড়ে থাকা শাখাগুলোর কর্মকর্তা ও কর্মচারীরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হন।
সাম্প্রতিক সময়ে দেশের বৃহত্তম এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের নানা সংকটের কথা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের এই প্রতিনিধি কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, এই প্রতিষ্ঠানের মূল শক্তি এখনো অক্ষুণ্ন রয়েছে।
জহির হোসেন বলেন, “গত কয়েক বছর ধরে এই ব্যাংকটি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তবে একটি প্রতিষ্ঠানের আসল শক্তি কখনো হারিয়ে যায় না; সঠিক নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই শক্তিকে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব।”
তিনি উল্লেখ করেন, দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সার্বিক নির্দেশনায় এখন থেকে ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম সম্পূর্ণ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হবে।
জহির হোসেন আরও জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে নিয়ন্ত্রক সংস্থা (বাংলাদেশ ব্যাংক) যথাসময়ে ইসলামী ব্যাংকের জন্য একটি শক্তিশালী, দক্ষ এবং সর্বজনগ্রাহ্য পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের কাজ করছে। তিনি ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং ড. এম কামাল উদ্দিন জসিম।