ঢাকা, ৮ অক্টোবর (বিডিইকোনমি): বাংলাদেশ ব্যাংক ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্য সামনে রেখে স্বাস্থ্যসেবায় নগদ অর্থ বহনের ঝুঁকি কমাতে এবং লেনদেন সহজ করতে ইসলামী ব্যাংক হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা কিউআর’ভিত্তিক ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসলামী ব্যাংক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত “স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট” শীর্ষক মতবিনিময় সভা শেষে এই বাংলা কিউআর পেমেন্ট সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান মোঃ জহির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্যাশলেস বাংলাদেশ এবং ডিজিটাল লেনদেন কেবল সময়ের দাবি নয়, বরং এটি একটি আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের মূল ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের সময়োপযোগী ‘বাংলা কিউআর’ উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নগদ টাকা বহনের ঝামেলা ও ভোগান্তি অনেকটাই কমে আসছে।”
তিনি আরও উল্লেখ করেন, কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে হাসপাতালে বিল পরিশোধের কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। এছাড়া ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে প্রতিটি হিসাবের ডিজিটাল রেকর্ড রক্ষিত থাকায় তা আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে।
ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন।
এ সময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মোঃ মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ব্যাংক ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।