ঢাকা, ২১ সেপ্টেম্বর (বিডিইকোনমি): গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড সোনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের প্রথম কারখানা-অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার (এসিএস) এবং একটি নতুন শোরুমের যাত্রা শুরু করেছে।রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে (লেভেল ১, ব্লক বি, শপ ২০ ও ৩০) যৌথভাবে এই সার্ভিস সেন্টার ও ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়।
এক জমকালো ফিতা কাটা অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জিএম মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং সোনি কর্পোরেশনের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জিএম কোজি সেকিগুচি।অনুষ্ঠানে এফএসআই-এর জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সোনি রিজিনাল মার্কেটিং (সিঙ্গাপুর)-এর মার্কেটিং হেড ইয়াপ ইয়ং উপস্থিত ছিলেন।
নতুন এই সেন্টারে একই ছাদের নিচে মিলবে পণের খুচরা বিক্রয় ও কারখানা-অনুমোদিত অফিশিয়াল মেরামতের সুবিধা।ফলে দেশের পেশাদার ও অপেশাদার আলোকচিত্রী এবং ভিডিওগ্রাফাররা প্রথমবারের মতো স্থানীয় বাজারেই সোনির অফিশিয়াল সার্ভিসিং ও মেরামতের সরাসরি সুবিধা পাবেন।

সংশ্লিষ্টরা জানান, ক্যামেরা ও লেন্সে কারিগরি জটিলতা দেখা দিলে দীর্ঘমেয়াদে যন্ত্রাংশ বা সেবার অভাবে কনটেন্ট ক্রিয়েটররা যাতে শিডিউল বিপর্যয় বা আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সে লক্ষ্যেই এই সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষ করে সামনে দেশের পিক ওয়েডিং সিজনকে (বিয়ের মৌসুম) কেন্দ্র করে আলোকচিত্রীদের নিরবচ্ছিন্ন প্রযুক্তিগত সহায়তা দেবে এই সেন্টার।
সোনি বাংলাদেশ জানায়, সামনে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোর সঙ্গে তারা যৌথভাবে কাজ করবে। এর পাশাপাশি সোনি আলফা (Sony Alpha™️) ক্যামেরা সিস্টেম এবং প্রিমিয়াম জি মাস্টার (G Master™️) লেন্স সিরিজের দীর্ঘমেয়াদি ও অ্যাডভান্সড সেবা নিশ্চিত করতে গ্রাহকদের অফিশিয়াল ১৮ মাসের ওয়ারেন্টি স্টিকারযুক্ত আসল পণ্য কেনার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত কেন্দ্রটি গ্রাহকদের জন্য খোলা থাকবে।