সোমবার ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও দখলবাজি সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি আরএলএনজি থেকে রেকর্ড সরবরাহেও কাটেনি গ্যাস সংকট, দৈনিক ঘাটতি ১৪০০ এমএমসিএফডি বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার পরিধি বাড়াল, যুক্ত হলো ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্ট রিহ্যাব নেতাদের ঋণখেলাপ ও কর পরিশোধের তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিকের পদত্যাগ, এক সপ্তাহে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তার বিদায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের বিশেষ ‘প্রাইওরিটি ব্যাংকিং’ সেবা দেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-কুয়েত শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে একমত তারেক রহমান ও কুয়েতের ক্রাউন প্রিন্স মালেশিয়ার ডেপুটি অর্থমন্ত্রীর সাথে ডিএসসিসি সভাপতির সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে মালয়েশিয়ার বিনিয়োগের আহ্বান প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পাঁচটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিকের পদত্যাগ, এক সপ্তাহে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তার বিদায়

ঢাকা, ২৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি): বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মাধ্যমে এক সপ্তাহের ব্যবধানে বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা থেকে দুই শীর্ষ কর্মকর্তার বিদায় ঘটলো।

ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তার পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন আইডিআরএ-র সদস্য (আইন) তানজিনা ইসমাইল।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফেরার পর এই দুই সদস্যের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর খালি হওয়া পদগুলোতে নতুন সদস্য নিয়োগের কার্যক্রম শুরু হবে।

এদিকে, আইডিআরএ-র সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদেরও শিগগিরই পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এটি নিশ্চিত হলে নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাত্র কয়েক মাসের মাথায় নিয়ন্ত্রক সংস্থাটির নেতৃত্বে আবারও বড় ধরনের রদবদল ঘটবে।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে ২০২৪ সালের ৭ নভেম্বর আইডিআরএ-র তৎকালীন চার সদস্য—বিশ্বজিৎ ভট্টাচার্য, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান পদত্যাগ করেছিলেন।

পরবর্তীতে ওই বছরের ২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তিন বছরের চুক্তিতে চারজন নতুন সদস্য নিয়োগ দেয়। তাদের মধ্যে সদস্য (লাইফ) পদে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক সিইও মো. আপেল মাহমুদ, সদস্য (নন-লাইফ) পদে মেঘনা ইন্স্যুরেন্সের সাবেক সিইও মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সদস্য (প্রশাসন) পদে সাবেক অতিরিক্ত সচিব মো. ফজলুল হক এবং সদস্য (আইন) পদে সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইলকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আবু বকর সিদ্দিক ও তানজিনা ইসমাইল দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। অর্থমন্ত্রী দেশে ফেরার পরই আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগপত্র গ্রহণ ও শূন্য পদগুলোতে নতুন সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।