ঢাকা, ২২ জুলাই (বিডি ইকোনমি) — ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রকৃত মালিক ব্যাংকটির আমানতকারীরা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের একমাত্র প্রতিনিধি মোহাম্মদ জহির হোসেন। গ্রাহকদের আশ্বস্ত করে তিনি জানান, সর্বসাধারণের সেবা নিশ্চিত করতে পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে ব্যাংক পরিচালনা করা হবে।
বুধবার (২২ জুলাই) ইসলামী ব্যাংকের হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় আয়োজিত এক ‘গ্রাহক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ জহির হোসেন বলেন, “যতদিন বাংলাদেশ থাকবে, ইনশাআল্লাহ ইসলামী ব্যাংকও সগৌরবে টিকে থাকবে। এটি কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের ব্যাংক হবে না; এটি হবে সর্বসাধারণের ব্যাংক।”
ব্যাংকের আমানত ও শেয়ার মূলধনের অনুপাত তুলে ধরে তিনি বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার মূলধন মাত্র ৬,৫০০ কোটি টাকা, অথচ গ্রাহকদের আমানতের পরিমাণ প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা। মোট আমানতের তুলনায় শেয়ারের এই অংশ অত্যন্ত নগণ্য।
গ্রাহকদের আশ্বস্ত করে তিনি বলেন, ৩০ থেকে ৩৫ বছর ধরে কর্মরত ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর পূর্ণ আস্থা ও ক্ষমতা দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের মূল কাজ শুধু নীতি প্রণয়ন করা, আর পেশাদার কর্মকর্তারা ব্যাংক পরিচালনা করবেন।
তিনি আমানত বৃদ্ধিতে সহায়তা করতে এবং ব্যাংকের পাশে থাকতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ইসলামী ব্যাংকের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। স্বল্প সময়ের মধ্যেই পেশাদারিত্বের সঙ্গে ব্যাংকটি তার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনে নতুন উচ্চতায় পৌঁছাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার প্রধান মোহাম্মদ কুতুব উদ্দিন এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল লতিফ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন খান।
গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মিসবাহুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস ড. মাওলানা মাহমুদুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্টর মো. মামুন অর রশীদ (এফসিএএম), আকিজ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম মুর্শেদ বাপ্পি এবং আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন অপু।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।