ঢাকা, ১৯ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত জনপ্রিয় করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন, ‘বিজিএমইএ-বাফুফে অংশীদারিত্ব উদযাপন’ এবং মেগা অকশন অনুষ্ঠান শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিমকে সঙ্গে নিয়ে টুর্নামেন্টের অফিসিয়াল ট্রফি উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, ক্রীড়াঙ্গনকে পেশাদারত্বের সঙ্গে গড়ে তুলতে খেলোয়াড়দের জন্য ‘ক্রীড়া ভাতা’ চালুর পাশাপাশি করপোরেট হাউসগুলোকে খেলার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিজিএমইএর দাবির প্রেক্ষিতে রাজধানীর উত্তরা তৃতীয় ফেজ এলাকায় একটি খেলার মাঠ বরাদ্দের বিষয়ে তিনি ইতিবাচক আশ্বাস দেন।
অনুষ্ঠানের সভাপতি ও বিজিএমইএ প্রধান মাহমুদ হাসান খান বলেন, একটি বাণিজ্য সংগঠন হলেও বিজিএমইএ বিভিন্ন সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে নিয়মিত ভূমিকা রাখছে। তিনি বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে ‘স্পোর্টস’ অন্তর্ভুক্ত করার চলমান প্রক্রিয়ার কথা উল্লেখ করেন এবং অচিরেই বিকেএসপির কারিকুলামেও এটি যুক্ত করার আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান পরিত্যক্ত মাঠ সংস্কারে বিজিএমইএর প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে, বাফুফের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম যৌথ অংশীদারিত্বের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক ও স্পোর্টস কমিটির ডাইরেক্টর ইন চার্জ শাহ রাঈদ চৌধুরী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাফুফের সঙ্গে বিজিএমইএর অংশীদারিত্ব তুলে ধরেন এবং নারী পোশাক কর্মীদের ফুটবল নৈপুণ্য নিয়ে নির্মিত একটি বিশেষ ওভিসি প্রদর্শন করেন।
১৬টি দলের অংশগ্রহণে মেগা অকশনের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়। আগামী ২২ অক্টোবর ২০২৬ থেকে বিজিএমইএ কাপের মূল প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালকবৃন্দ, স্পোর্টস কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান, সাসটেইনেবল এনার্জি কমিটির চেয়ারম্যান মো. সাইফুর রহমান সাপু, বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মোঃ সাহেদুল ইসলাম (অবঃ) এবং তৈরি পোশাক খাতের প্রখ্যাত উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।