শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি ব্যাক-টু-ব্যাক এলসির ওভারডিউ সময়সীমা ২৭০ দিনে মেলাল বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম অনুষ্ঠিত এমডিদের কর্মমূল্যায়নে ১০০ নম্বরের ফ্রেমওয়ার্ক জারি করলো বাংলাদেশ ব্যাংক বিবিসিসিআই’র ডিরেক্টর নির্বাচিত হলেন জহিরুল ইসলাম, আজীবন সদস্য পদ পেলেন কিবরিয়া ও মোর্তুজা<gwmw style="display:none;"></gwmw> দ্বিতীয় প্রান্তিকে সাব-ব্রাঞ্চে আমানত বেড়ে ৮৪,২৬৩ কোটি টাকা, ঋণ বিতরণ কমেছে ৭.৭ শতাংশ<gwmw style="display:none;"></gwmw> US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’

জ্বালানি নিরাপত্তা জোরদারে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

ঢাকা, ২ আগস্ট (বিডিইকোনমি)-দেশের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রমী (ক্রস-বর্ডার) পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

আজ রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-এর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের পক্ষে এ প্রস্তাব পেশ করেন জ্বালানি মন্ত্রী।

বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যাপক চাহিদার কথা উল্লেখ করে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, নিকটতম প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে জ্বালানি খাত কেন্দ্রিক সম্পর্ক বৃদ্ধিকে বাংলাদেশ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রস্তাবিত বহু পুরোনো গ্যাস পাইপলাইন প্রকল্পটি পুনরায় সচল ও বাস্তবায়নে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা জানান তিনি।

বাংলাদেশের এ প্রস্তাবকে ইতিবাচকভাবে স্বাগত জানান মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো। তিনি জানান, পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আকারে সরবরাহের সম্ভাব্যতা নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। রাষ্ট্রদূতের এ প্রস্তাবকেও ইতিবাচক হিসেবে গ্রহণ করেন জ্বালানি মন্ত্রী।

জ্বালানি খাতে দ্বিপক্ষীয় আলোচনা ত্বরান্বিত করতে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ। এ লক্ষ্যে মিয়ানমারের জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশে আসার প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে বলে জানান তিনি। প্রয়োজনে তিনি নিজেও মিয়ানমার সফরে প্রস্তুত রয়েছেন বলে উল্লেখ করেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বৈঠকে ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছিল। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রস্তাবিত এই গ্যাস পাইপলাইন আঞ্চলিক সেই অর্থনৈতিক করিডোর বাস্তবায়নেও অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

দীর্ঘমেয়াদি বাণিজ্য ও জ্বালানি সহযোগিতায় সরকারের ধারাবাহিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী আরও জানান, ‘প্রতিবেশী প্রথম’ (নেবার ফার্স্ট) নীতির আওতায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক সদিচ্ছা রয়েছে। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে এখনও প্রচুর সম্ভাবনাময় খাত রয়েছে।

মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো প্রস্তাব করেন, আগামী দিনে অনুষ্ঠেয় বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির (জয়েন্ট টেকনিক্যাল কমিটি) বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা যেতে পারে।

বৈঠকে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন।