ঢাকা,৩০ জুলাই (বিডিইকোনমি ডটনেট)-২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে আহত ও কর্মহীন হয়ে পড়া যোদ্ধাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যৌথ উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল বিডিজবস (Bdjobs) এবং ‘তারুণ্যের জুলাই ফাউন্ডেশন’।
আজ রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।
বিডিজবস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম মাশরুর এবং তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাগর উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায়, আহত ও বর্তমানে কর্মহীন জুলাই যোদ্ধাদের চাহিদা অনুযায়ী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে তাঁদের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি ভালো চাকরি পাওয়ার সুবিধার্থে তাঁদের সিভি রাইটিং, ইন্টারভিউ টেকনিকসহ ক্যারিয়ার উন্নয়নমূলক বিভিন্ন কর্মশালার আয়োজন করা হবে। এছাড়াও বিডিজবস প্ল্যাটফর্মে তাঁদের প্রোফাইলগুলোকে আলাদাভাবে হাইলাইট করা হবে, যাতে নিয়োগদাতাদের নজরে খুব সহজেই তা আসে।
সংবাদ সম্মেলনে বিডিজবস-এর সিইও ফাহিম মাশরুর বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১,৪০০ জনেরও বেশি মানুষ শহীদ হন এবং প্রায় ২০ হাজার জুলাই যোদ্ধা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। সরকার কিছু পুনর্বাসন প্রকল্প গ্রহণ করলেও অনেক আহত যোদ্ধা ও তাঁদের পরিবার বর্তমানে চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছেন। চিকিৎসার জন্য অনেকেই চাকরি হারিয়েছেন, আবার পঙ্গুত্বের কারণে অনেকে নতুন চাকরির সুযোগ পাচ্ছেন না।
এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল বলেই আজ সরকারি ও বিরোধী দলের রাজনৈতিক নেতারা মুক্তভাবে রাজনীতি করতে পারছেন। তাই সামাজিক দায়বদ্ধতা ও কৃতজ্ঞতাবোধ থেকে আহতদের আর্থিক সংকট লাঘবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিডিজবস-এর এই সময়োপযোগী উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অনুরোধ করেন, যেন আহত জুলাই যোদ্ধাদের কম খরচে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে নরসিংদী থেকে আসা আহত রেহানা সুলতানা তাঁর মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জুলাই আন্দোলনের সময় তিনি সন্তানসম্ভবা ছিলেন। হাসপাতালে যাওয়ার পথে পুলিশের গুলি তাঁর শরীরের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে যায়। অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর তাঁর সন্তানের জন্ম হয়। আজকের সংবাদ সম্মেলনে তিনি সেই সন্তানকে সাথে নিয়েই উপস্থিত হন।
তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের সভাপতি মোঃ সাগর উদ্দিন জানান, তাঁদের ফাউন্ডেশন ২০২৪-এর আহতদের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং বিডিজবস-এর সাথে এ যৌথ উদ্যোগ সেই প্রক্রিয়ারই একটি অংশ।
তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও শহীদ জাবিরের মাতা রোকেয়া বেগম, বিএনপির ঢাকা উত্তর মহানগর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম মিরাজসহ বেশ কয়েকজন আহত জুলাই যোদ্ধা।