অর্থনৈতিক প্রতিবেদক,
বিডিইকোনমি ডটনেট, ঢাকা : — দেশে নারী নেতৃত্ব, সুশাসন এবং প্রাতিষ্ঠানিক পরিচালনা পর্ষদে (বোর্ড) নারীদের অংশগ্রহণ বাড়াতে রাজধানীর একটি অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’। সোমবার (৮ জুন) দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর জেন্ডার ইনক্লুশন অ্যান্ড লিডারশিপ কমিটি (জিআইএলসি) এই বিশেষ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে নেতৃত্ব, সুশাসন এবং করপোরেট বোর্ডে বৈচিত্র্য আনার বিষয়ে ফলপ্রসূ আলোচনার জন্য নীতি-নির্ধারক, করপোরেট ব্যক্তিত্ব, নিয়ন্ত্রক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এক মঞ্চে একত্রিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। এছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নারীদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য করপোরেট নেতৃত্ব এবং বড় বড় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থাৎ পরিচালনা পর্ষদে নারীদের প্রতিনিধিত্ব আরও বৃদ্ধি করা এই মুহূর্তের বড় দাবি।
জিআইএলসি-এর চেয়ারপারসন এবং আইসিএবি কাউন্সিলের সদস্য জেরিন মাহমুদ হোসেইন এফসিএ বলেন, “যৌথ অংশীদারিত্বের মাধ্যমেই শক্তিশালী নেতৃত্ব গড়ে ওঠে। আজকের এই সম্মেলন প্রমাণ করে যে, প্রতিষ্ঠানগুলো যখন একটি সুনির্দিষ্ট সাধারণ লক্ষ্য নিয়ে এগিয়ে আসে, তখন কত বড় সম্ভাবনা তৈরি হতে পারে।”
আইসিএবি-এর প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ এবং ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া জান্নাত এফসিএ পেশাজীবী হিসেবে নারীদের লিডারশিপ ও গভর্ন্যান্সের মূল ধারায় নিয়ে আসার ক্ষেত্রে এবং জেন্ডার সমতা নিশ্চিত করতে আইসিএবি-এর দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
সম্মেলনে মূল প্রবন্ধ বা কি-নোট উপস্থাপন করেন বাংলাদেশের প্রথম নারী প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আখতার সানজিদা কাসেম এফসিএ, এফসিএমএ। তিনি আইসিএবি জেন্ডার ড্যাশবোর্ড এবং ‘উইমেন অন বোর্ডস সার্ভে’-এর গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত তুলে ধরে এই খাতে নারীদের অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী এই কনফারেন্সে মোট ৩টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘প্রফেশনাল বডিস ইউনাইটেড’ শীর্ষক প্রথম সেশনে আইসিএবি, আইসিএমএবি, এটিসিএ, আইসিএসবি এবং আইআইএবি-এর শীর্ষ নেতারা অংশ নেন। ‘উইমেন লিডিং ইন সার্ভিস অ্যান্ড প্র্যাকটিস’ শিরোনামের দ্বিতীয় সেশনে ব্যাংকিং, বহুজাতিক কোম্পানি ও পেশাদার প্র্যাকটিসে যুক্ত শীর্ষ নারী ব্যক্তিত্বরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
‘উইমেন ইন বোর্ডরুমস’ শীর্ষক চূড়ান্ত প্যানেল আলোচনাটি মডারেট বা সঞ্চালনা করেন জেরিন মাহমুদ হোসেইন। এতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি-এর শীর্ষ নেতৃত্ব অংশ নেন।
এছাড়া, সম্মেলনে ‘ইন্সপায়ার টু অ্যাসপায়ার’ সেশনে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং দেশের কোনো বহুজাতিক কোম্পানির প্রথম নারী এমডি রূপালী চৌধুরী এবং এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। পুরো আয়োজনে আইসিএবি-এর ‘অ্যাসেন্ড মেন্টরশিপ প্রোগ্রাম’-এর মেন্টর ও মেন্টিদের বিশেষ অবদানের কথা স্মরণ করে এক বিশেষ সম্মাননা পর্বের আয়োজন করা হয়।