রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে বার্ষিক ভ্রমণ কোটা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও রপ্তানি বহুমুখীকরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউকেইএফ-এর গোলটেবিল বৈঠক রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সহযোগিতাই রোহিঙ্গা সংকটের মূল সমাধান: আইজিসির গোলটেবিল বৈঠক ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন হচ্ছে, শোধন ক্ষমতা বেড়ে হবে ৪৫ লাখ টন পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করতে বিশেষ প্রণোদনা ও বয়সসীমা ৫৫ করার দাবি বিজিএমইএর নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর বিগত সরকারের ভুল নীতি ও আমদানিনির্ভরতাই বর্তমান জ্বালানি সংকটের কারণ: তিতুমীর ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়ালো

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন হচ্ছে, শোধন ক্ষমতা বেড়ে হবে ৪৫ লাখ টন

ঢাকা, ০৫ সেপ্টেম্বর (বিডিইকোনমি) — দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত তেলের আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ কাজ শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে রিফাইনারিটির বার্ষিক তেল শোধন ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।

অর্থ মন্ত্রণালয় থেকে শনিবার (০৫ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এই আধুনিকায়ন প্রকল্পের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি (প্রায় ১২ হাজার কোটি টাকা) অর্থায়ন করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক এই প্রকল্পের অর্থায়ন চুক্তিটি বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসে আইসামি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন।

ইআরডি জানিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এই অর্থায়নের মাধ্যমে বাংলাদেশ ও আইডিবির মধ্যকার দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী হবে।

আইডিবির সর্ববৃহৎ একক বিনিয়োগ

ইআরডি সূত্রে জানা গেছে, বাংলাদেশে কোনো একক প্রকল্পে এটিই আইডিবির সবচেয়ে বড় বিনিয়োগ। প্রকল্পটির সফল বাস্তবায়ন হলে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির বর্তমান শোধন ক্ষমতা বার্ষিক ১৫ লাখ মেট্রিক টন থেকে বৃদ্ধি পেয়ে ৪৫ লাখ মেট্রিক টনে পৌঁছাবে।

সরকার আশা করছে, প্রকল্পটির ফলে দেশে জ্বালানি তেলের সরবরাহ কাঠামো মজবুত হবে, পরিবেশবান্ধব ইউরো-৫ মানসম্পন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদিত হবে এবং সার্বিক জ্বালানি নিরাপত্তা সুদৃঢ় হবে।

রিফাইনারির সক্ষমতা তিনগুণ হওয়ায় পরিশোধিত তেল আমদানির ওপর দেশের ব্যাকুল নির্ভরতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এতে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থায়িত্ব ফিরে আসবে।

সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি

আইডিবি বাংলাদেশের অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টি প্রদান করে আসছে।

চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে আইডিবির সহায়তা অব্যাহত রাখার বিষয়ে পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশ ও আইডিবির মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করার স্বার্থে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।