নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সার্ককে শক্তিশালী করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার কৃষিখাতকে আরও শক্তিশালী করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, কৃষি এই অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি এবং এর টেকসই উন্নয়নে আধুনিকায়নের কোনো বিকল্প নেই।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত ‘ডেভেলপমেন্ট পার্টনারস অ্যান্ড ইনভেস্টরস’ শীর্ষক এক আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) দক্ষিণ এশিয়ার যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান তার বক্তব্যে কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি জরুরি।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ এশিয়াসহ বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক জোরদার করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এরই অংশ হিসেবে সার্কের কার্যক্রম পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সার্ক ও বিমসটেক) রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সহযোগিতা এবং জ্ঞান বিনিময় অত্যন্ত জরুরি।
সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার কৃষিতে টেকসই ফলাফল পেতে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্ব জোরদারের আহ্বান জানান। আইএফপিআরআই দক্ষিণ এশিয়ার পরিচালক ড. শহিদুর রশীদ আঞ্চলিক অভিন্ন সমস্যা সমাধানে সার্ক কৃষি কেন্দ্রের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার খাদ্য ব্যবস্থায় পুষ্টির মূলধারাকরণ এবং সাশ্রয়ী খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ ও উদ্ভাবনী অর্থায়নের ওপর জোর দেন।
সভাপতির বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ কেন্দ্রের কৌশলগত অগ্রাধিকারগুলো তুলে ধরেন। তিনি টেকসই কৃষি উন্নয়নে উদ্ভাবন, জলবায়ু সহনশীলতা এবং বিনিয়োগ অংশীদারত্বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।
এর আগে স্বাগত বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট ড. মো. ইউনুস আলী আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন দেশের গবেষক ও বিশেষজ্ঞরা দুটি কর্মঅধিবেশনে অংশ নিয়ে আঞ্চলিক কৃষি অগ্রাধিকার ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।