শুক্রবার ২৪ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
ভুল সিলেবাসে পরীক্ষা: চরম অনিশ্চয়তায় ১ লাখ ৩৫ হাজার এসএসএসি পরীক্ষার্থীর ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কিনছে সরকার<gwmw style="display:none;"></gwmw> শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন গৃহীত<gwmw style="display:none;"></gwmw> বিপুল অঙ্কের টাকা ছাপিয়েছে সরকার, মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা অর্থপাচারকারীদের ব্যাংকের বোর্ডে ফেরার সুযোগ নেই: বাংলাদেশ ব্যাংক পোশাক খাতের সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা চায় বিজিএমইএ<gwmw style="display:none;"></gwmw> সঞ্চয়পত্রে বিনিয়োগে ধস: ক্রয়ের চেয়ে নগদায়নের হিড়িক ফেব্রুয়ারিতে দেশে ও বিদেশে ক্রেডিট কার্ডের ব্যয় কমেছে: বাংলাদেশ ব্যাংক

বিপুল অঙ্কের টাকা ছাপিয়েছে সরকার, মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সরকার নতুন করে বিপুল অঙ্কের টাকা ছাপিয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। চলতি বছরের মার্চ মাসেই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা মূলত ‘হাইপাওয়ার মানি’ বা নতুন ছাপানো টাকা। এর প্রভাবে দেশের মূল্যস্ফীতি পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীতে পিআরআই আয়োজিত ‘ইভলভিং গ্লোবাল ল্যান্ডস্কেপ ফর ট্রেড অ্যান্ড গ্রোথ’ শীর্ষক মাসিক সামষ্টিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) সহযোগিতায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই-এর প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান।

মূল প্রবন্ধে আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক নীতিগত অনিশ্চয়তা এবং এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ—সব মিলিয়ে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক সংস্কার থেকে সরে আসাকে ‘আত্মঘাতী’ হিসেবে বর্ণনা করে তিনি ব্যাংক রেজোল্যুশন কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা বিনিয়োগের বড় বাধা। জ্বালানি সংকটের কারণে উদ্যোক্তারা আস্থা হারাচ্ছেন। তিনি আরও বলেন, উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অতিরিক্ত অর্থ সরবরাহ কমানোর পাশাপাশি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে ব্যাংক একীভূতকরণের মতো কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বিআইজিডির ভিজিটিং রিসার্চ ফেলো খন্দকার সাখাওয়াত আলী আলোচনায় অংশ নিয়ে বলেন, দেশে ‘ক্রনি ক্যাপিটালিজম’ বা সখ্যতার পুঁজিবাদ বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি সতর্ক করে বলেন, বাজেট বাস্তবায়নে অতিরিক্ত টাকা ছাপিয়ে ভর্তুকি দেওয়া হলে তার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।

সভাপতির বক্তব্যে পিআরআই-এর চেয়ারম্যান জায়েদি সাত্তার বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারগুলো কেবল আইএমএফ-এর শর্ত নয়, বরং এগুলো এখন দেশের অর্থনীতির জন্য ‘জাতীয় অপরিহার্যতা’। এসব সংস্কার বাস্তবায়ন না করা হবে অর্থনীতির জন্য ‘স্ব-আরোপিত ক্ষত’। তিনি মনে করেন, আইএমএফ-এর সমর্থন নিয়ে নির্বাচিত সরকারের পক্ষে এই কঠোর সংস্কার বাস্তবায়ন করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকে। এছাড়া এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা মোস্তফা আলোচনায় অংশ নেন। সমাপনী বক্তব্য দেন পিআরআই-এর গবেষণা পরিচালক বজলুল এইচ খন্দকার।