ঢাকা, ২৩ জুলাই (বিডিইকোনমি)-বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন কৌশলগত ‘লিড জেনারেশন’ ও ‘পাইপলাইন ব্যবস্থাপনা’ সুফল দিতে শুরু করেছে। ২০২৫ সালে গৃহীত এই উদ্যোগের ফলে প্রায় ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) ডলারের বিনিয়োগ পাইপলাইন থেকে ইতোমধ্যে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলারেরও বেশি বৈদেশিক সরাসরি বিনিয়োগ (এফডিআই) সিদ্ধান্ত ও বাস্তবায়ন পর্যায়ে পৌঁছেছে।
বিডা সূত্রে জানা গেছে, বিশ্বের ২০টি দেশের শীর্ষ ৭০টি বৃহৎ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রস্তাব নিয়ে এই বিনিয়োগ পাইপলাইন তৈরি করা হয়েছিল। এর মধ্যে তুরস্ক, চীন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া থেকে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে। প্রাথমিক যোগাযোগ বা ‘লিড’ থেকে চুক্তি সম্পাদন ও ‘বাস্তবায়ন’ পর্যায়ে বিনিয়োগ পৌঁছানোর কনভার্সন রেট বা রূপান্তরের হার ১৫ শতাংশ অতিক্রম করেছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের চেয়েও বেশি।
বিডার আন্তর্জাতিক মানদণ্ড অতিক্রম করা এই সাফল্য এবং ২০২৫ সালের পাইপলাইন থেকে বর্তমানে দেশে বাস্তবায়নাধীন প্রধান প্রধান বৈশ্বিক ও দেশীয় উদ্যোগগুলো নিচে তুলে ধরা হলো:
প্রধান বিনিয়োগ ও চুক্তি বাস্তবায়নের চিত্র
- হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৩০০ মিলিয়ন ডলার): হংকংভিত্তিক টেক্সটাইল জায়ান্ট হান্ডা ইন্ডাস্ট্রিজ ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এ প্রথমে ১৫ কোটি (১৫০ মিলিয়ন) ডলারের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছিল। পরবর্তীতে বিডা, বেজা (BEZA) ও বেপজার (BEPZA) সমন্বিত সহায়তায় তারা তাদের বিনিয়োগ দ্বিগুণ করে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) ডলারে উন্নীত করে। দুই ধাপে পরিচালিত এই প্রকল্পের প্রথম ধাপে মীরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৮ কোটি ডলারের পোশাক কারখানা (১০,০০০ কর্মসংস্থান) এবং দ্বিতীয় ধাপে কেরানীগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ২২ কোটি ডলারের সমন্বিত টেক্সটাইল কমপ্লেক্স (১৫,০০০ কর্মসংস্থান) গড়ে তোলা হচ্ছে, যা বাংলাদেশে বিশ্বমানের কাপড়ের প্রযুক্তি নিয়ে আসবে।
- চায়না লেসো গ্রুপ (৩২ মিলিয়ন ডলার): হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘চায়না লেসো গ্রুপ’ ৩ কোটি ২০ লাখ ডলারের একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চূড়ান্ত করেছে। চট্টগ্রাম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ১২.৫ একর জমি হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের সহযোগী সংস্থা ‘লেসো সোলার’-এর অধীনে পিভিসি/পেক্স পাইপ, স্যানিটারি ওয়্যার, কিচেন ইক্যুইপমেন্ট, ওয়াটার পিউরিফায়ার, কেবল ও সোলার প্যানেল তৈরি করবে।
- হেংলি গ্রুপ / লিড বাংলাদেশ (৩৫ মিলিয়ন ডলার): চীনের শানডং হেংলি টেক্সটাইল টেকনোলজির সহযোগী প্রতিষ্ঠান ‘লিড বাংলাদেশ টেক্সটাইল টেকনোলজি কোম্পানি লিমিটেড’ ৩ কোটি ৪ কোটি ৯৩ লাখ (প্রায় ৩৫ মিলিয়ন) ডলারের একটি প্রকল্প শুরু করেছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) ১২.৬ একর জমিতে তৈরি এই স্বয়ংক্রিয় কারখানাটি তৈরি পোশাক খাতের ভ্যালু চেইনকে আরও শক্তিশালী করবে।
- মেগারিশ (১৫ মিলিয়ন ডলার): বিশ্বজুড়ে এয়ারলাইনসের প্রসাধন সামগ্রী সরবরাহকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘মেগারিশ’ ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ডলারের বিনিয়োগ প্রস্তাব চূড়ান্ত করেছে। সিঙ্গাপুর এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ ও সৌদিয়ার মতো প্রখ্যাত এয়ারলাইনসের বিশ্বমানের এই সরবরাহকারীর সংযুক্তি বাংলাদেশের পোশাক খাতের বাইরে রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- সফটলজিক লাইফ ইন্স্যুরেন্স (১.৯ মিলিয়ন ডলার): শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম জীবন বিমা প্রতিষ্ঠান ‘সফটলজিক লাইফ’ বাংলাদেশের ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬০ শতাংশ শেয়ার প্রায় ২০ লাখ (১.৯ মিলিয়ন) ডলারে অধিগ্রহণ করছে। বিডার মধ্যস্থতায় হওয়া এই আন্তঃসীমান্ত চুক্তিটি দেশের বিমা খাতে আধুনিক ইনসিওরটেক, এআই-ভিত্তিক আন্ডাররাইটিং ও একদিনে দাবি নিষ্পত্তির সুবিধা নিয়ে আসছে।
- মি. ডিআইওয়াই (MR.DIY)-এর রিটেইল বিস্তার: মালয়েশিয়াভিত্তিক বিখ্যাত হোম ইম্প্রুভমেন্ট রিটেইল চেইন ‘মি. ডিআইওয়াই’ বিডা ও বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি সহায়তায় দেশে বড় ধরনের ব্যবসা সম্প্রসারণ করেছে। ঢাকা, চট্টগ্রাম (হালিশহর) ও রাজশাহীসহ বিভিন্ন জেলায় ১৭টিরও বেশি মেগা-স্টোর চালু করে বর্তমানে তারা ৫টি প্রধান ক্যাটাগরিতে ১৭,০০০-এর বেশি পণ্য বিক্রি করছে।
বিনিয়োগকারীদের আস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা
১২ থেকে ১৫ মাসের মধ্যে দেড় বিলিয়ন ডলারের পাইপলাইন থেকে ৪০ কোটি ডলারের বেশি প্রকৃত বিনিয়োগে রূপান্তর হওয়াকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সুদৃঢ় আস্থার প্রতীক হিসেবে দেখছে বিডা। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে নির্দিষ্ট দেশ ও খাতভিত্তিক বিশেষায়িত ডেস্ক পরিচালনার মাধ্যমে আরও ১.৫ বিলিয়ন ডলারের সম্ভাব্য বৈদেশিক বিনিয়োগ পাইপলাইনে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ জোরদার করা হচ্ছে।