সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে বার্ষিক ভ্রমণ কোটা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও রপ্তানি বহুমুখীকরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউকেইএফ-এর গোলটেবিল বৈঠক রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সহযোগিতাই রোহিঙ্গা সংকটের মূল সমাধান: আইজিসির গোলটেবিল বৈঠক

২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই

ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : দেশের পুঁজিবাজারে পণ্যের বৈচিত্র্য ও গতিশীলতা আনতে ২০২৮ সালের জানুয়ারির মধ্যে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস চালুর লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতোমধ্যে এ পরিকল্পনা অনুমোদন করেছে।

আজ ডিএসই আয়োজিত “এক্সচেঞ্জ-ট্রেডেড প্ল্যাটফর্মে আর্থিক ডেরিভেটিভস প্রবর্তন বিষয়ে অংশীজনদের সঙ্গে সচেতনতা ও পরামর্শমূলক কর্মসূচি” শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার মোঃ নাফিজ আল তারেক বলেন, দেশের পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর বিষয়ে কমিশন ইতিবাচক। তবে এর আগে বাজারের প্রস্তুতি, অবকাঠামো ও সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। ডেরিভেটিভ একদিকে বিনিয়োগের সুযোগ তৈরি করবে, অন্যদিকে প্রস্তুতি ছাড়া এটি বাজারে ঝুঁকি বাড়াতে পারে।

তিনি আরও জানান, ২০২৮ সালের লক্ষ্য সামনে রেখে ইতোমধ্যে সময়ভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য সেন্ট্রাল কাউন্টারপার্টি (সিসিবিএল) ব্যবস্থা কার্যকর করা এবং প্রয়োজনীয় বিধিমালা সংশোধনের ওপর জোর দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস প্রবর্তন পুঁজিবাজারের উন্নয়নে একটি মাইলফলক। একটি নির্দিষ্ট রোডম্যাপ ও সময়সূচি ধরে অংশীজনদের মতামতের ভিত্তিতে এ প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম বলেন, ইনডেক্স ডেরিভেটিভ তুলনামূলক সহজে চালু করা গেলেও শক্তিশালী প্রযুক্তিগত, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট কাঠামো প্রয়োজন। এর অংশ হিসেবে বিদ্যমান ‘Exchange Derivatives Rules’ যুগোপযোগী করা হবে।

ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের জানান, প্রথম ধাপে ডিএসইর নিজস্ব সূচকভিত্তিক ‘Stock Index Futures’, দ্বিতীয় ধাপে ‘Single Stock Deliverable Futures’ এবং দীর্ঘমেয়াদে ‘Options Market’ চালুর পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে শীর্ষ ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থেকে ডেরিভেটিভস পণ্যের সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে মতামত দেন।