ঢাকা, ০৬ সেপ্টেম্বর (বিডিইকোনমি) — বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য প্রবাহ ত্বরান্বিত করতে এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এজেন্ডাকে ত্বরান্বিত করার লক্ষ্যে যৌথভাবে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনার আয়োজন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ‘ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স’ (ইউকেইএফ)।
রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ঢাকার ব্রিটিশ হাই কমিশন ও ইউকেইএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও দেশের ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিভিত্তিক শিল্প, সামুদ্রিক খাদ্য এবং পাদুকা (ফুটওয়্যার) খাতের শীর্ষ ব্যবসায়ী নেতারা অংশ নেন। বৈঠকে তারা বাজার সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং বাণিজ্য অর্থায়ন ও রপ্তানি ঋণের ভূমিকা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
আলোচনায় ইউকেইএফ-অর্থায়নের ব্যবহারিক প্রয়োগ, রপ্তানি ঋণ সুবিধার কাঠামো তৈরি এবং অবকাঠামো, টেকসই উন্নয়ন ও শিল্প আধুনিকায়নের মতো জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে প্রকল্পগুলোর সমন্বয় সাধনের কৌশল উঠে আসে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও এনামুল হক বলেন, “১২০ বছরেরও বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার। দেশ যখন তার উন্নয়নের পরবর্তী ধাপে এগিয়ে যাচ্ছে, তখন যুক্তরাজ্যের মতো কৌশলগত অংশীদারদের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউকে এক্সপোর্ট ফাইন্যান্সের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা বাংলাদেশে আমাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের ইউকে দক্ষতা, প্রযুক্তি এবং মূলধন নিয়ে আসতে সাহায্য করতে পারি।”
এই গোলটেবিল বৈঠকের ফলে ইউকেইএফ প্রতিনিধিরা স্থানীয় ব্যবসায়ী নেতাদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান, প্রযুক্তি ও অর্থায়ন কোন কোন ক্ষেত্রে বাংলাদেশের উদ্ভাবন ও প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে, তা চিহ্নিত করার সুযোগ পেয়েছেন।
ইউকেইএফ-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাজ্যের সরবরাহকারী ও প্রযুক্তির সাথে সংযুক্ত করতে কাজ করছে, যা স্থানীয় ব্যবসাগুলোকে আধুনিকায়ন, আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদনশীলতা বৃদ্ধি ও রপ্তানি বহুমুখীকরণে সাহায্য করবে।