মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
মধ্যপ্রাচ্য সংকটে ৮ মাসে জ্বালানিতে অতিরিক্ত খরচ ৪১২ কোটি ডলার: উপদেষ্টা তিতুমীর সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী পুঁজিবাজারে তরুণদের অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এআই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য: বিএসইসি কমিশনার মধ্য অক্টোবরে রেমিট্যান্স প্রবাহে ১৩.৩ শতাংশ প্রবৃদ্ধি, অর্জন ১.৭৪ বিলিয়ন ডলার ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ: ১৫ অক্টোবর পর্যন্ত বিতরণ ছাড়িয়েছে ১৪,৫১৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি গবেষণা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে শিক্ষাব্যবস্থা সংস্কারের আহ্বান: এইউএসটিতে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শুরু ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন নিয়ে উদ্বেগ, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ঢাকা, ২৮ মে বিডিইকোনমি.নেট : — মহান আল্লাহর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সর্বস্তরের সাধারণ জনতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। প্রধান জামাত ছাড়াও দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের ঈদগাহ ও মসজিদগুলোতে সকাল থেকেই পর্যায়ক্রমে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

নামাজ শেষে খুতবায় খতিব ও ওলামাগণ ইসলামের দৃষ্টিতে কোরবানির তাৎপর্য, আত্মত্যাগ, সহানুভূতি এবং মহান আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের মূল্যবোধের ওপর আলোকপাত করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করা হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এর আগে বুধবার (২৭ মে) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আবারও মুসলিম উম্মাহর দোরগোড়ায় হাজির হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশের এবং বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের শুভেচ্ছা জানাচ্ছি। রাজনৈতিক বিশ্বাস, ধর্ম বা জাতিসত্তা নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য আমি একটি আনন্দময় ঈদের কামনা করি। ঈদ মোবারক।”

পবিত্র ঈদ উপলক্ষে গত সোমবার (২৫ মে) থেকে দেশজুড়ে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। তবে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে, বিশেষ করে হাম (Measles) রোগের চিকিৎসা ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত ডাক্তার এবং নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, গণমাধ্যম ও ডাকসেবাসহ সকল জরুরি সরকারি পরিষেবা ছুটির আওতামুক্ত ও চালু রয়েছে।

এদিকে ঢাকা মহানগরীর বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জাতীয় ঈদগাহসহ পুরো রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

বুধবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঈদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাত্র ১০ থেকে ১৫ শতাংশ সদস্যকে ছুটি দেওয়া হয়েছে, বাকিরা নগরবাসীর নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন।

পবিত্র ঈদ উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে চোখধাঁধানো আলোকসজ্জা করা হয়েছে। সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া বিভিন্ন হাসপাতাল, এতিমখানা, কারাগার ও শিশু যত্ন কেন্দ্রগুলোতে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

ঈদের নামাজ শেষ হওয়ার পরপরই ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি শুরু করেন। পিতা হযরত ইব্রাহিম (আঃ) ও পুত্র হযরত ইসমাইল (আঃ)-এর মহান আত্মত্যাগের স্মৃতি স্মরণ করেই প্রতি বছর মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানি দিয়ে থাকেন।

আরও পড়ুন