ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : গ্রাহকসেবা আরও সহজ ও দ্রুত করতে নিজেদের সর্বাধুনিক মোবাইল অ্যাপ ‘ওয়ান বাই মেটলাইফ’ (One by MetLife)-এ নতুন ৪টি ফিউচার যুক্ত করেছে মেটলাইফ বাংলাদেশ।
নতুন যুক্ত হওয়া ফিচারগুলোর মাধ্যমে এখন থেকে গ্রাহকরা তাদের পলিসির তথ্যে বড় ধরনের পরিবর্তন, আংশিক অর্থ উত্তোলন, পলিসি রিইনস্টেটমেন্ট এবং কোনো এজেন্ট বা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের জন্য স্বশরীরে উপস্থিত হওয়ার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, ওয়ান বাই মেটলাইফ অ্যাপটি গ্রাহকদের তাদের বীমা সংক্রান্ত যাবতীয় সুবিধা এক জায়গায় পাওয়ার সুবিধার্থে তৈরি করা হয়েছে। এতে গ্রাহকরা নিজের পলিসি ম্যানেজ করা, প্রিমিয়াম পেমেন্ট, ক্লেইম বা দাবি ট্র্যাকিং এবং ডিজিটাল হেলথ কেয়ার সার্ভিসের মতো নানা সুবিধা অনায়াসেই নিতে পারেন।
নতুন ফিচারসমূহ যুক্ত হওয়ায় গ্রাহকরা যেকোনো স্থান থেকে অ্যাপের মাধ্যমে তাদের নামের বানান, ঠিকানা, নমিনি ও যোগাযোগের তথ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তনের আবেদন করতে পারবেন। এছাড়াও, নির্ধারিত যোগ্য পলিসির ক্ষেত্রে ফান্ডের আংশিক অর্থ উত্তোলনের আবেদন এবং বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু (রিইনস্টেটমেন্ট) করার আবেদন অ্যাপ থেকেই সম্পন্ন করা যাবে।
পাশাপাশি, অ্যাপের নতুন ইন্টারফেসের মাধ্যমে গ্রাহকরা সুবিধাজনক সময়ে মেটলাইফ কাস্টমার টাচপয়েন্ট, এজেন্সির অফিস অথবা ৩৬০ হেলথ পার্টনার হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুবিধা পাবেন।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের চিফ কর্পোরেট সার্ভিসেস অফিসার জাফর সাদেক বলেন, “গ্রাহকদের জীবনের পরিবর্তনশীল চাহিদার সাথে মানিয়ে নিয়ে আধুনিক সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ওয়ান বাই মেটলাইফ অ্যাপে এই নতুন সেবাগুলোর মাধ্যমে আমরা গ্রাহকদের হাতে বীমা ব্যবস্থাপনার মূল নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি, যা তাদের দৈনন্দিন কাজকে আরও সহজ ও নিরাপদ করবে।”