বুধবার ৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষ:
জ্বালানি সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির গতি, দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ট্যাক্স হ্যাভেনের দিন শেষ, বিশ্বজুড়ে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল বদলাচ্ছে: আইএমএফ আজকের ডিজিটালের ব্যবধান যেন আগামী দিনের এআই ডিভাইডে পরিণত না হয়: ইস্তাম্বুলে আইসিটি মন্ত্রী জাহাজশিল্পের বিশ্ববাজার ধরতে অনুমোদন সহজ করার উদ্যোগ, দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ ঢাকায় এলপিজির তীব্র সংকট, সরকারের বেঁধে দেওয়া দাম উপেক্ষা করে দেদারসে বাড়তি আদায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে মূল ভিত্তি ‘বিশ্বাস’: তানভীর শাহরিয়ার গনি পরিকল্পিত নগরায়ণে জেলা ও সিটি করপোরেশনে নতুন মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র সংকটের মাঝেই বাড়ল এলপিজির দাম, খুচরা বাজারে অস্থিরতা জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন ও বাণিজ্য অংশীদার: রাষ্ট্রদূত সাইদা শিনিচি

নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বিজিএমইএ ও বিকেএমইএর

ঢাকা, ০৫ সেপ্টেম্বর (বিডিইকোনমি) — দেশের সদ্য ঘোষিত নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিকস বা বুনন করা কাপড় আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাতিল অথবা স্থগিতের দাবি জানিয়েছে পোশাক খাতের শীর্ষ দুটি বাণিজ্য সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ।

বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরিত পৃথক চিঠিতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) জানিয়েছে, ‘আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯’-এর ২৫ নম্বর ধারার ১২ নম্বর উপ-ধারায় উল্লেখ করা হয়েছে যে “নিট ফেব্রিকস আমদানিযোগ্য হইবে না”।

সংগঠন দুটি এই নীতি স্থগিত বা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে সতর্ক করেছে যে, এমন সিদ্ধান্ত রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতা কমিয়ে দেবে।

গত ১ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রীর কাছে প্রেরিত চিঠিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান উল্লেখ করেন, আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে পণ্যের বৈচিত্র্যকরণ, মান নিয়ন্ত্রণ, নির্দিষ্ট ডিজাইন নিশ্চিতকরণ এবং দ্রুততম সময়ে পণ্য সরবরাহের জন্য অনেক সময় বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে নির্দিষ্ট ধরনের ফেব্রিকস বা কাপড় আমদানি করতে হয়।

তিনি জানান, অনেক ক্ষেত্রে বিশেষ গ্রেড, রঙ, টেক্সচার ও ডিজাইনের নিট কাপড়ের চাহিদা থাকে যা স্থানীয় বাজারে সবসময় পাওয়া যায় না। এ পরিস্থিতিতে আমদানি রুদ্ধ করা হলে কারখানার নিয়মিত উৎপাদন ও রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।

অন্যদিকে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নীতিটি দ্রুত স্থগিত বা বাতিলের দাবি জানিয়ে বলেন, নতুন এই বিধিনিষেধের কারণে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে এসে পৌঁছানো বিভিন্ন ধরনের নিট কাপড়ের চালান খালাসে জটিলতা তৈরি হয়েছে। তাছাড়া অনেক রপ্তানিকারক ইতিমধ্যে আমদানির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

বিকেএমইএ প্রধান সতর্ক করেন যে, পণ্য খালাসে বিলম্বের কারণে নির্ধারিত সময়ে রপ্তানি আদেশ বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ছে। তিনি আরও যোগ করেন, গ্যাস সংকটের কারণে কারখানায় উৎপাদন যেখানে এমনিতেই ব্যাহত হচ্ছে, সেখানে নিট ফেব্রিকস আমদানিতে এই নিষেধাজ্ঞা পোশাক খাতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।