সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে টাকা: বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ও ইউনানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৪তম পর্ষদ সভা অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে খানাপিনার অভ্যাস, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: গবেষণা কর্মশালায় বিশেষজ্ঞরা এসডিজি অর্জনে গতি বৃদ্ধি ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবি জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাস-২৮ কূপের গ্যাস, দৈনিক মিলবে ১২-১৩ এমএমসিএফডি বিজিএমইএ কাপ ২০২৬-এর ট্রফি উন্মোচন ও বাফুফে অংশীদারিত্ব উদযাপন বন্ধ শিল্প ও সেবা খাত পুনরুজ্জীবনে ঋণের সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ ইইউতে কমেছে পোশাক আমদানি, তবে জুন ও জুলাইয়ে বাংলাদেশের ইতিবাচক প্রবৃদ্ধি

ঈদুল আজহায় টানা ৭ দিন ব্যাংক বন্ধ, পোশাক শিল্প ও বন্দর এলাকায় সীমিত আকারে খোলা

নিজস্ব প্রতিবেদক, বিডি ইকোনমি, ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা সাত দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক (বিবি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের ছুটির ঠিক আগে অর্থাৎ ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রবিবার) সারা দেশে সব তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলোতে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

তবে উৎসবের আগে তৈরি পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ সহজতর করতে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর অংশ হিসেবে পোশাক শিল্প প্রধান অঞ্চল— ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের ব্যাংক শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই দুই দিন উল্লেখিত এলাকার সুনির্দিষ্ট ব্যাংক শাখাগুলোর অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

তাছাড়া, দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা ও বুথগুলোকে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার জন্য সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের দিন ছাড়া বাকি ছুটির দিনগুলোতে (২৫ মে থেকে ৩১ মে) এসব বুথ ও ডেস্কে জরুরি ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ছুটির দিনগুলোতে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী বিশেষ ভাতা প্রাপ্য হবেন।