ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : বাণিজ্য অর্থায়ন ও ইসলামিক ব্যাংকিং কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের (আইটিএফসি) এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সিটি ব্যাংক প্রধান কার্যালয় সফর করেছে।
আজ (৭ সেপ্টেম্বর, ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিটি ব্যাংক।
আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ. ই. ইঞ্জিনিয়ার আদিব ইউসুফ আল আমা বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যদিকে, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের নেতৃত্বে ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সাল থেকে সিটি ব্যাংক ও আইটিএফসির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম পরিচালনায় সিটি ব্যাংকের অনুকূলে আইটিএফসির ৪০ মিলিয়ন মার্কিন ডলারের মুরাবাহা ফাইন্যান্সিং সুবিধা চালু রয়েছে, যার মধ্যে ১০ মিলিয়ন ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও অন্তর্ভুক্ত।
বৈঠকে উভয় প্রতিষ্ঠান কৌশলগত অংশীদারিত্ব জোরদারের পাশাপাশি রফতানি অর্থায়ন, গ্রিন ফাইন্যান্সিং এবং ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য লেনদেন বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে শরীয়াহভিত্তিক বাণিজ্য অর্থায়ন সমাধান প্রসারের পাশাপাশি দেশের প্রধান প্রধান বাণিজ্য খাতে আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি এবং সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।