সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে বার্ষিক ভ্রমণ কোটা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও রপ্তানি বহুমুখীকরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউকেইএফ-এর গোলটেবিল বৈঠক রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক তৎপরতা ও আন্তর্জাতিক সহযোগিতাই রোহিঙ্গা সংকটের মূল সমাধান: আইজিসির গোলটেবিল বৈঠক

ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান

ঢাকা, ৭ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : বেপজাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনার লক্ষ্যে ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ স্থাপন করা হয়েছে।

আজ (৭ সেপ্টেম্বর, ২০২৬) ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনে নির্মিত এই ওয়েব্রিজ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন

ঢাকা ইপিজেডের পুরাতন ও সম্প্রসারিত জোনের মূল গেটে স্থাপিত এই ওয়েব্রিজগুলোর মাধ্যমে জোনে প্রবেশ ও বহির্গমনকারী পণ্যবাহী কনটেইনার, কাভার্ড ভ্যানসহ সব ধরনের যানবাহনের পণ্যের ওজন নির্ভুলভাবে পরিমাপ ও ডিজিটাল উপায়ে তথ্য সংরক্ষণ করা যাবে। এর ফলে পণ্য পরিবহন ও সার্বিক বাণিজ্যিক কার্যক্রমের মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ওয়েব্রিজ স্থাপনের ফলে বন্ডেড সুবিধার আওতায় আমদানিকৃত কাঁচামালের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং বন্ডিং কার্যক্রমের মনিটরিং আরও কার্যকর হবে। একই সাথে পণ্যের তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণের মাধ্যমে শৃঙ্খলার পাশাপাশি সরকারি রাজস্ব সুরক্ষায়ও এটি ইতিবাচক ভূমিকা রাখবে

বেপজা সূত্রে জানা গেছে, ঢাকা ইপিজেডের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, আদমজী, কুমিল্লা ও কর্ণফুলী ইপিজেডেও একই ধরনের আধুনিক ওয়েব্রিজ বসানো হচ্ছে। ভবিষ্যতে বেপজাধীন সকল ইপিজেডে এই সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে

অনুষ্ঠানে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মহসীন হাসান, কাস্টমসের সহকারী কমিশনার এবং ইপিজেডের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন