ঢাকা, ২০ জুলাই (বিডি ইকোনমি) — দেশজুড়ে অর্থনৈতিক লেনদেনে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করার মাধ্যমে নগদ টাকা বহনের ঝুঁকি কমার পাশাপাশি পেমেন্ট প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও নিরাপদ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘বাংলা কিউআর রিলস মেকিং কম্পিটিশন’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর জোর দিয়ে বলেন, সার্বজনীন এই কিউআর ব্যবস্থা চালু হওয়ার ফলে সাধারণ মানুষ জাল টাকা ও ছেঁড়া-ফাটা নোটের ভোগান্তি থেকে মুক্তি পাবে।
গত ১ জুলাই ২০২৬ থেকে লেনদেনে বাংলা কিউআর বাধ্যতামূলক করার কথা উল্লেখ করে গভর্নর বলেন, “বিশ্ব এখন আর্থিক লেনদেনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। আমরা বাংলা কিউআর দিয়ে শুরু করেছি, ভবিষ্যতে লেনদেনে দেশ আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও জানান, সকল ব্যাংক এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারীরা যাতে গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ইতোমধ্যে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে গভর্নর মোঃ মোস্তাকুর রহমান প্রতিযোগিতার সেরা ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। মূলত জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন কেনাকাটায় বাংলা কিউআরের ব্যবহার উৎসাহিত করতেই বাংলাদেশ ব্যাংক এই ভিডিও রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরবৃন্দ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালকরা উপস্থিত ছিলেন।