ঢাকা, ২০ জুলাই (বিডি ইকোনমি) — রাজধানী ঢাকায় সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আঞ্চলিক কুইজ, পাবলিক স্পিকিং এবং প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ৫টি দেশের জাতীয় পর্যায়ের সেরা তরুণ হিসাববিদরা অংশ নেন।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের উদীয়মান অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত জ্ঞান, যোগাযোগ দক্ষতা ও সৃজনশীল মেধা প্রকাশের এক অনন্য মঞ্চ হয়ে ওঠে এই আঞ্চলিক প্রতিযোগিতা।
দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ৬টি পেশাদার অ্যাকাউন্ট্যান্সি সংস্থা এতে প্রতিদ্বন্দ্বিতা করে:
- বাংলাদেশ: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)
- ভারত: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া (আইসিএআই)
- নেপাল: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব নেপাল (আইসিএএন)
- পাকিস্তান: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব পাকিস্তান (আইসিএপি)
- শ্রীলঙ্কা: ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব শ্রীলঙ্কা (সিএ শ্রীলঙ্কা)
প্রতিটি পেশাদার সংস্থা থেকে ২ জন করে প্রতিনিধি নিয়ে কুইজ প্রতিযোগিতায় ১২ জন এবং পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় ১২ জন তরুণ প্রতিযোগী অংশ নেন। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানের ৩ জন করে প্রতিনিধি নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় মোট ২১ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফা সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, সাফা সহ-সভাপতি প্রবীণ কুমার ঝা, সাফা স্থায়ী সচিব ড. জয় কুমার বাত্রা এবং আইসিএবি সভাপতি সাব্বির আহমেদ।
আইসিএবি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতাকালে ঢাকা আঞ্চলিক কমিটির (ডিআরসি) চেয়ারম্যান মো. কামরুজ্জামান এবং কন্টেস্ট কমিটির চেয়ারম্যান ফাহমিদা খানসহ ডিআরসি-র অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।