খাগড়াছড়ি প্রতিনিধি | ১৬ জুলাই, (বিডিইকোনমি)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের ওপর এই আন্দোলনের কৃতিত্ব চাপিয়ে দেওয়া ঠিক নয়; বরং এটি দেশের গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত সংগ্রামের ফসল।
বুধবার (১৬ জুলাই, ২০২৬) ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ আমলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে যেসব অমানবিক ঘটনা বাংলাদেশের মানুষের মনে ক্ষত সৃষ্টি করেছে, তার পুনরাবৃত্তি যেন আর না ঘটে—তা নিশ্চিত করা দেশের সকল রাজনৈতিক শক্তির সম্মিলিত দায়িত্ব।
নিজের বর্তমান কার্যক্রম সম্পর্কে তিনি জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা, চট্টগ্রাম ও কক্সবাজারে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয় এবং তদারকির দায়িত্ব পালনের অংশ হিসেবে গত এক সপ্তাহ ধরে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন। সেই ধারাবাহিকতায় প্রতিকূল যাতায়াত পরিস্থিতির মধ্যেও তিনি খাগড়াছড়ির এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বলে জানান।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এই অভ্যুত্থান হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন, গণতন্ত্রহীনতা, দমন-পীড়ন, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভই একপর্যায়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য জনাব আবদুল ওয়াদুদ ভূঁঞা। এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আজিজী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক মো. নুরুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।