রবিবার ১৯ এপ্রিল, ২০২৬
সর্বশেষ:
দেশে গ্যাসের মজুদ ৭.৬৩ টিসিএফ, চলবে ১২ বছর: জ্বালানি মন্ত্রী সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু  এপ্রিলে প্রথম ১৮ দিনেই আসলো ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স<gwmw style="display:none;"></gwmw> এস আলমের গ্রেপ্তার ও পাচার করা সম্পদ উদ্ধারের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক পরিষদের ঢাকায় অ্যামচ্যাম-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জ্বালানি নিরাপত্তার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের মওকুফ দিল যুক্তরাষ্ট্র সুশাসনের অভাবে ধুঁকছে ব্যাংকিং খাত: ১৭ ব্যাংক লোকসানে, ১১ ব্যাংকের সিএসআর শূন্য

কৈলাশটিলা কূপে নতুন গ্যাসের মজুদ, দৈনিক গ্রিডে যুক্ত হবে ৫ মিলিয়ন ঘনফুট

ঢাকা, ২০ নভেম্বর – সিলেটের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপে ওয়ার্কওভার (পুনঃখনন) কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর নতুন করে গ্যাসের মজুদ পাওয়া গেছে। এই কূপটি থেকে দৈনিক প্রায় পাঁচ মিলিয়ন ঘনফুট (৫ MMCFD) গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

পেট্রোবাংলা বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে এবং আশা করা হচ্ছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই এই নতুন গ্যাস জাতীয় গ্যাস গ্রিডে যুক্ত হবে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের আওতাধীন কৈলাশটিলা-১ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বন্ধ থাকা এই কূপটির ওয়ার্কওভার কাজ চলতি বছরের ১২ আগস্ট বাপেক্সের নিজস্ব রিগ ‘বিজয়-১২’ এর মাধ্যমে শুরু করা হয়েছিল।

পেট্রোবাংলা আরও জানিয়েছে, কৈলাশটিলা-১ নম্বর কূপটি থেকে প্রথম গ্যাস পাওয়া গিয়েছিল ১৯৬১ সালে। ২০১৯ সাল পর্যন্ত গ্যাস উত্তোলনের পর কূপটি বন্ধ হয়ে যায়। পুরানো এই কূপে পুনরায় ওয়ার্কওভার করে আবারও গ্যাস পাওয়া গেলো, যা একটি উল্লেখযোগ্য সফলতা।

বর্তমানে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ২, ৬, ৭ ও ৮ নম্বর কূপ থেকে মোট ৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন করে ১ নম্বর কূপ থেকে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হলে দেশের গ্যাস সরবরাহ আরও বাড়বে।

উল্লেখ্য, সিলেট গ্যাসক্ষেত্রের মোট ১৪টি কূপের ওয়ার্কওভার কাজ চলমান রয়েছে। এর মধ্যে কৈলাশটিলা-১ সহ মোট সাতটি কূপের ওয়ার্কওভার শেষ হয়েছে এবং সব ক’টিতেই গ্যাসের মজুদ পাওয়া গেছে।