ঢাকা, ৯ সেপ্টেম্বর (বিডিইকোনমি) : ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) ডিরেক্টর নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য ও করপোরেট ব্যক্তিত্ব এবং এমএইচ গ্লোবাল গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম (সিআইপি)।
গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি এই পদে নির্বাচিত হন। একই অনুষ্ঠানে এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া (সিআইপি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মোর্তুজা (সিআইপি)-কে সংগঠনটির সম্মানসূচক ‘লাইফটাইম মেম্বার’ (আজীবন সদস্য) হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূরদর্শী নেতৃত্ব ও আন্তর্জাতিক বাজারে বাণিজ্য প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ জহিরুল ইসলাম এ পদে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, এমএইচ গ্লোবাল গ্রুপের শীর্ষ দুই প্রধানকে আজীবন সদস্যপদ প্রদান আন্তর্জাতিক বাণিজ্যে তাঁদের অসামান্য অবদান, নৈতিক শাসন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ধারাবাহিক প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্তির প্রতিক্রিয়ায় জহিরুল ইসলাম (সিআইপি) বলেন, “বিবিসিসিআই’র পরিচালনা পর্ষদে নির্বাচিত হওয়া আমার ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। এই স্বীকৃতি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বি-পাক্ষিক ব্যবসায়িক সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ এনে দেবে। আমাদের চেয়ারম্যান ও সিইও মহোদয়ের আজীবন সদস্যপদ লাভ এমএইচ গ্লোবাল গ্রুপকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের একটি বিশ্বস্ত সেতু হিসেবে প্রতিষ্ঠিত করল।”
সংগঠনটির নতুন এই নেতৃত্ব বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধিতে আরও সক্রিয় এবং প্রভাবশালী ভূমিকা পালন করবে বলে বিজ্ঞপ্তিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।