সোমবার ২০ জুলাই, ২০২৬
সর্বশেষ:
২০২৭ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৫ শতাংশ হতে পারে: আইএমএফ<gwmw style="display:none;"></gwmw> আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ ঋণ পুনঃতফসিল সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক ঢাকা ইপিজেডে শ্রমিক কল্যাণ ও শ্রম ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন আইএলও কান্ট্রি ডিরেক্টর জুলাই আন্দোলনের লক্ষ্য বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আদালতের আদেশে বিএফআইইউর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক, সন্দেহজনক লেনদেন রিপোর্ট বেড়েছে ৭৪% পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব পুরনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ইসলামী ব্যাংক<gwmw style="display:none;"></gwmw> গভর্নরের সাথে বিটিএমএ-র বৈঠক: বস্ত্র খাতের সংকট মোকাবিলায় নীতিগত সহায়তার দাবি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির সভাপতিত্বে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

পোস্টাল ব্যালটে ৫১ হাজার ৫৩৩ প্রবাসীর নিবন্ধন

বিশ্বের সকল দেশের প্রবাসীদের জন্য উন্মুক্ত হলো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৫১ হাজার ৫৩৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৪৩ হাজার ৬৪৬ জন পুরুষ ভোটার এবং ৭ হাজার ৮৮৭ জন নারী ভোটার।

কোন দেশে কত নিবন্ধন

দেশভিত্তিক নিবন্ধনের তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে যুক্তরাষ্ট্রে (১০ হাজার ৩৩৫ জন)। এরপরেই রয়েছে দক্ষিণ কোরিয়া (৮ হাজার ৮৮৯ জন), জাপান (৬ হাজার ১৫৮ জন), কানাডা (৫ হাজার ৮৬৫ জন), অস্ট্রেলিয়া (৪ হাজার ৭৫৫ জন), দক্ষিণ আফ্রিকা (৪ হাজার ১৮৩ জন) ও চীন (১ হাজার ৬৫১ জন)।

বিশ্বব্যাপী নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত

এদিকে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইসি। এ বিষয়ে বুধবার রাতে নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৭ নভেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিট থেকে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গত ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর প্রবাসীদের আটটি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলের জন্য পাঁচ দিনের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নিবন্ধনের ব্যবস্থা ছিল। তবে প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে সেই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এখন থেকে ২৭ নভেম্বর থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। পাঁচ দিনের যে সময়সীমা ছিল, সেটা আর প্রযোজ্য থাকবে না।

নির্বাচনী ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থা দেশের নির্বাচনী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া দেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে সুবিধা দিচ্ছে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে, যেখান থেকে তিনি ভোট প্রদান করবেন। ভোটারকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা প্রদান অপরিহার্য।