মঙ্গলবার ৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ:
US cotton warehouse to launch in Chattogram in mid-November to boost bilateral trade তা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তে বিজিএমইএ ও বিকেএমইএর তীব্র আপত্তি<gwmw style="display:none;"></gwmw> রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১১তম ‘বাপা ফুডপ্রো আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৪’ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপে গ্রাহকদের জন্য নতুন ৪ ফিচার যুক্ত ২০২৮ সালের মধ্যে শেয়ারবাজারে ডেরিভেটিভস চালুর লক্ষ্য: ডিএসই ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানকে অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক বাণিজ্য অর্থায়ন বাড়াতে সিটি ব্যাংকে আইটিএফসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ইপিজেডে দুটি আধুনিক ওয়েব্রিজ উদ্বোধন করলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষুদ্র আমানতকারীদের টাকা ফেরত শুরু সোমবার থেকে

‘সুইসটেল’ হোটেল হচ্ছে না, ৮০০ কোটি টাকায় ভবনটি কিনছে পূবালী ব্যাংক

ঢাকা, ২৩ জুলাই (বিডিইকোনমি)-রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন তেজগাঁও লিংক রোডে বেঙ্গল গ্রুপের নির্মাণাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি কিনে নিচ্ছে বেসরকারি খাতের পূবালী ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক চেইন হোটেল ‘সুইসটেল’ করার উদ্দেশ্যে তৈরি এই ভবনটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ কোটি টাকা। সিদ্ধান্তটি কার্যকর হলে ভবনটিতে নিজেদের প্রধান কার্যালয় স্থানান্তর করবে পূবালী ব্যাংক।

গত বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ভবন কেনার সিদ্ধান্ত গৃহীত হয়। তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে পূবালী ব্যাংক। তবে এ কেনাবেচা চূড়ান্তভাবে কার্যকর হবে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে।

স্থান সংকট ও প্রধান কার্যালয় স্থানান্তরের পরিকল্পনা

প্রায় ৫৮ কাঠা জমির ওপর নির্মিত এই ২৭ তলা ভবনটিতে ৩টি বেজমেন্ট (মাটির নিচে) রয়েছে। অবস্থানগতভাবে ভবনটি গুলশান-১ নম্বরের প্রবেশমুখে প্রধান সড়কের ওপর অবস্থিত।

বর্তমানে মতিঝিলে অবস্থিত পূবালী ব্যাংকের নিজস্ব ভবনে স্থান সংকুলান না হওয়ায় বেশ কিছু দিন ধরে নতুন জায়গা খুঁজছিল ব্যাংক কর্তৃপক্ষ। বর্তমানে ব্যবহৃত ভবনে স্থান রয়েছে প্রায় ৫৫ হাজার বর্গফুট, যা ব্যাংকের বর্ধিত চাহিদার তুলনায় অপ্রতুল।

পূবালী ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ লিটন মিয়া জানান, ব্যবসায়িক সম্প্রসারণের স্বার্থে নতুন ভবন প্রয়োজন ছিল এবং দীর্ঘমেয়াদে এই বিনিয়োগ ব্যাংকের জন্য লাভজনক হবে বিবেচনা করেই পর্ষদ ভবনটি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

আর্থিক সংকট ও ঋণ শোধের উদ্যোগ বেঙ্গল গ্রুপের

বেঙ্গল গ্রুপ সূত্রে জানা যায়, ভবনটি নির্মাণে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও দেশের ইডকল (IDCOL) থেকে ৩০০ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হয়েছিল।

বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিমউদ্দিন জানান, ভবনটিতে ৩৭০টি কক্ষবিশিষ্ট পাঁচ তারকা হোটেল ‘সুইসটেল’ করার কথা ছিল এবং মূল কাঠামো ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রুপের তিনটি কারখানায় অগ্নিকাণ্ডের কারণে আর্থিক সংকটে পড়েন তারা। ফলে ঋণের বোঝা কমাতে ভবনটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা থেকে বড় অঙ্কের ব্যাংকঋণ শোধ করা হবে।

পূবালী ব্যাংকের বর্তমান অবস্থান ও ব্যাংকিং খাতের প্রবণতা

বেসরকারি খাতের অন্যতম শীর্ষ মুনাফাকারী প্রতিষ্ঠান পূবালী ব্যাংক গত বছর ১ হাজার ৯০ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করে হাজার কোটি টাকার ক্লাবে প্রবেশ করে। চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির মোট আমানত ১ লাখ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, আগে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান কার্যালয় দিলকুশা ও মতিঝিলকেন্দ্রিক হলেও গত এক দশকে বেশির ভাগ বেসরকারি ব্যাংক তাদের প্রধান কার্যালয় গুলশান বা সংলগ্ন অভিজাত এলাকায় স্থানান্তর করেছে। পূবালী ব্যাংকের এই স্থানান্তর ব্যাংক খাতের সেই ধারারই অংশ।