বুধবার ১২ আগস্ট, ২০২৬
সর্বশেষ:
রপ্তানি বহুমুখীকরণে বিশ্বমানের হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর অভিবাসন ব্যবস্থাপনায় সমতা ও অধিকার নিশ্চিতের তাগিদ: বিল্‌স-এর কর্মশালায় ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬’ চূড়ান্তকরণ জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশে: খাদ্য মূল্যস্ফীতিতে বড় স্বস্তি ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত: ২৫টি শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান অংশ নেয় বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এলো এলপিপি বাংলালিংকের সাবসিডিয়ারি ‘নিও পিএসপি লিমিটেড’কে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার লাইসেন্স দিল বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের ট্যারিফের টাকা ফেরত, ক্ষতিপূরণ চান বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা অবকাঠামো ও ইউটিলিটি সুবিধার ধীরগতিতে অর্থনৈতিক অঞ্চলে তৈরি হয়েছে আস্থাহীনতা: বেজিয়া সভাপতি সামাজিক সুরক্ষায় জাকাত: সেন্ট্রাল ফর জাকাত ম্যানেজমেন্টের ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ<gwmw style="display:none;"></gwmw>

রপ্তানি বহুমুখীকরণে বিশ্বমানের হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা, ১২ আগস্ট (বিডিইকোনমি)- বৈশ্বিক বাণিজ্যে তৈরি পোশাক নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ ক্ষেত্রে আসিয়ান অঞ্চলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান

সেমিনারে বাণিজ্যমন্ত্রী বলেন, “হালাল অর্থনীতিকে এখন আর শুধু খাদ্য ও পানীয় খাতের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। এটি বর্তমানে খাদ্য, ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, অর্থায়ন ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সমন্বয়ে গড়ে ওঠা একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা।”

রপ্তানি প্রবৃদ্ধির জন্য দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দিয়ে তিনি জানান, এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের আস্থা অর্জনে দেশে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল সার্টিফিকেশন ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলেও মন্তব্য করেন তিনি

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বিশ্বজুড়ে হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। আসিয়ান অঞ্চলে বিশেষ করে মালয়েশিয়ার সমন্বিত হালাল ইকোসিস্টেম বাংলাদেশের জন্য একটি চমৎকার মডেল হতে পারে। বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজার, শক্তিশালী কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও চামড়া শিল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বৈশ্বিক হালাল সরবরাহ শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার সুযোগ রয়েছে

অনুষ্ঠানে বাংলাদেশের হালাল খাতকে বিশ্বমানের করে তুলতে পাঁচটি কৌশলগত অগ্রাধিকার তুলে ধরা হয়: ১. আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য জাতীয় হালাল নিশ্চয়তা কাঠামো তৈরি করা। ২. আধুনিক পরীক্ষাগার ও লজিস্টিক সুবিধাসহ বিশেষায়িত হালাল শিল্প ক্লাস্টার গড়ে তোলা। ৩. বিদ্যমান উৎপাদন খাতগুলোকে আন্তর্জাতিক মান ও প্রতিযোগিতার উপযোগী করা। ৪. ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), গবেষক ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা। ৫. অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে “বাংলাদেশ হালাল ব্র্যান্ড”কে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করা

বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমানের সভাপতিত্ব ও স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর

প্যানেল আলোচনায় ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেশন বিভাগের উপপরিচালক আকতার হোসেন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উপপরিচালক এস এম আবু সাঈদ বক্তব্য দেন। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ বিশ্ব হালাল বাজারের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।